ফুটবল ইতিহাসের ‘সর্বকালের সেরা’ বিতর্কে আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান। তার মতে, আধুনিক যুগের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও এগিয়ে আছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। সম্প্রতি এক সাক্ষাৎকারে কান স্পষ্টভাবে জানান, তার চোখে রোনালদো নাজারিওই সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার। তার ভাষায়, ব্রাজিলিয়ান রোনালদো মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও বেশি দক্ষ এবং প্রভাবশালী ছিলেন।
২০০২ বিশ্বকাপ ফাইনালের সেই স্মরণীয় ম্যাচটি এখনো ভোলেননি কান। জাপানের ইয়োকোহামায় অনুষ্ঠিত সেই ফাইনালে জার্মানির জালে জোড়া গোল করে ব্রাজিলকে শিরোপা এনে দেন ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদো। সেই ম্যাচে জার্মানির গোলবারে দাঁড়িয়ে থাকা কান নিজেই অসহায় হয়ে দেখেছিলেন রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স। সেই অভিজ্ঞতাই হয়তো তাকে এই মূল্যায়ন দিতে অনুপ্রাণিত করেছে।
নব্বইয়ের দশক থেকে দুই হাজারের শুরুর সময় পর্যন্ত বিশ্ব ফুটবলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন রোনালদো। অল্প বয়সেই জাতীয় দলে অভিষেক করে তিনি দ্রুতই হয়ে ওঠেন বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। তার অসাধারণ গতি, নিখুঁত বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং দক্ষতা এবং চোখধাঁধানো ফিনিশিং তাকে আলাদা করে তুলেছিল অন্যদের থেকে।
ক্যারিয়ারে তিনি দুবার বিশ্বকাপ জিতেছেন এবং ২০০২ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ব্রাজিলকে শিরোপা জিতিয়েছেন। এছাড়া তিনবার ফিফা বর্ষসেরা খেলোয়াড় এবং দুবার ব্যালন ডি’অর জয়ের কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে। বড় ম্যাচে তার পারফরম্যান্স এবং ধারাবাহিক গোল করার ক্ষমতা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের আসনে বসিয়েছে। রোনালদো শুধু একজন গোলদাতা ছিলেন না, বরং তিনি ছিলেন আধুনিক স্ট্রাইকারদের জন্য এক আদর্শ। একক প্রচেষ্টায় ডিফেন্স ভেঙে গোল করার তার দক্ষতা আজও ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে।
অন্যদিকে, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিন ধরে ‘সর্বকালের সেরা’ বিতর্কের কেন্দ্রে অবস্থান করছেন। তবে অলিভার কানের এই মন্তব্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তার দৃষ্টিতে, সবকিছুর বিবেচনায় ব্রাজিলের ‘ফেনোমেনন’ রোনালদোই ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ ও সেরা খেলোয়াড়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

