এফএ কাপ

আর্সেনালের বিদায়, চেলসির গোল উৎসব

স্পোর্টস ডেস্ক

আর্সেনালের বিদায়, চেলসির গোল উৎসব

পরপর দুটি শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করল আর্সেনাল। সেটা আন্তর্জাতিক বিরতির আগে এবং পরে। প্রথমে গানার শিবির কারাবাও কাপ ফাইনালে হার মানে ম্যানসিটির কাছে। এবার তারা ছিটকে গেছে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে। সুপার সাব শিয়া চার্লসের গোলে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট কেটেছে সাউদাম্পটন। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে ফুটবল দুনিয়াকে চমকে দিয়েছে কোচ টোন্ডা একার্টের ক্লাব। অন্য ম্যাচে গোল উৎসব করেছে চেলসি। প্রতিপক্ষ পোর্ট ভ্যালেকে বিধ্বস্ত করেছে ৭-০ গোলে। হালান্ডের দুরন্ত হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা।

বিজ্ঞাপন

ইনজুরি সমস্যায় জর্জরিত দল নিয়েই ফেভারিট হিসেবে সেন্ট মেরিতে পা রেখেছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। কিন্তু চার্লসের গোলে তাদের ট্রেবল জয়ের স্বপ্ন ভেঙে গেছে। ম্যাচের ৩৫ মিনিটে রস স্টুয়ার্ট এগিয়ে দেন সাউদাম্পটনকে। পরে ভিক্টর গাইওকেরেস স্কোর লেভেল করেন। কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় সাউদাম্পটনের দিকে। বদলি হিসেবে মাঠে নামার ৯ মিনিট পর গানারদের জাল কাঁপিয়ে সাউদাম্পটনকে জয়ের উচ্ছ্বাসে ভাসান চার্লস।

এপ্রিলের শেষ দিকে ওয়েম্বলিতে হবে সেমিফাইনাল। ১৯৭৬ সালের এফএ কাপ জয়ের কীর্তির পুনরাবৃত্তি করতে চায় সাউদাম্পটন। অন্যদিকে চলতি মৌসুমের পঞ্চম হার দেখা আর্সেনাল টানা দুটি কাপ ম্যাচে হারের পর আত্মবিশ্বাসে বড় এক ধাক্কা খেল। ৯ পয়েন্টে এগিয়ে শীর্ষে থেকে তারা এখন স্বপ্ন দেখছে প্রিমিয়ার লিগ জয়ের। আছে চ্যাম্পিয়নস লিগের শিরোপার সুযোগ।

অন্যদিকে প্রথমার্ধে তিন গোল করে চেলসি। বিরতির পর করে আরো চার গোল। জোরেল হাতো ম্যাচের দ্বিতীয় মিনিটেই গ্যালারিতে উচ্ছ্বাসের বন্যা বইয়ে দেন। জোয়াও পেদ্রোর ২৫ মিনিটের গোলে স্কোর দাঁড়ায় ২-০ তে। জর্ডান লরেন্স গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে ম্যাচে আধিপত্য বিস্তার করে ফেলে চেলসি। টসি আদারাবায়ো লড়াইয়ের ৫৭ মিনিটে দলের চতুর্থ গোল উপহার দেন। আন্দ্রে সান্তোস ৬৯ মিনিটে প্রতিপক্ষের জাল কাঁপান। ম্যাচের ৮২ মিনিটে এস্তেভাও লক্ষ্যভেদ করেন। চেলসিকে সপ্তম গোল এনে দেন আলেজান্দ্রো গারনাচো।

ইংলিশ লিগ কাপের ফাইনালে আর্লিং হালান্ড গোলের দেখা পাননি। তারপরও দুই সপ্তাহ আগে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। এফএ কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে হালান্ড ফিরলেন চেনা রূপে। তাতে লিভারপুলকে ধসিয়ে দিয়েছে সিটিজেনরা। হালান্ডের দুরন্ত হ্যাটট্রিকে অলরেডদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। এ নিয়ে টানা অষ্টমবারের মতো ইংলিশ ফুটবলের সবচেয়ে পুরোনো টুর্নামেন্টটির সেমিফাইনালে নাম লিখল ম্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থানধারীদের চেয়ে ২১ পয়েন্টে পিছিয়ে থাকা লিভারপুল ম্যাচের শুরু থেকেই ছিল নড়বড়ে। বিপরীতে সর্বশেষ ম্যাচে ইংলিশ লিগ কাপের ট্রফি জয়ে সিটি ছিল দারুণ উজ্জীবিত। ম্যাচে প্রথম গোলের দেখা পেতে অবশ্য স্বাগতিকদের ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন