আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এশিয়ান কাপ বাছাই

সিঙ্গাপুর ম্যাচে নির্ভুল ফুটবল চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

সিঙ্গাপুর ম্যাচে নির্ভুল ফুটবল চায় বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ফুটবল দলের সামনে সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরের কালাং জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। বাছাই পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ এটি। টুর্নামেন্টের মূল পর্বে খেলার স্বপ্ন ভেঙে গেলেও এ ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিয়েই খেলছে বাংলাদেশ। জয় দিয়ে বাছাইয়ের শেষটা রাঙাতে চায় তারা। সবার জানা, ঘরের মাঠে সিঙ্গাপুর প্রবল প্রতিপক্ষ। ইতোমধ্যে এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে তারা। সম্পূর্ণ নির্ভার হওয়া দলটির বিপক্ষে ম্যাচ সহজ হবে না।

বিজ্ঞাপন

এজন্য সিঙ্গাপুর ম্যাচের আগে শক্তিশালী দলের বিপক্ষে খেলে প্রস্তুত হতে চেয়েছিল বাংলাদেশ। ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের যাচাই করেছে তারা। তবে ম্যাচটিতে ৩-০ গোলে হার দলকে ভাবিয়ে তুলেছে। মাত্র ৩০ মিনিটের মধ্যে তিন গোল হজম করে বাংলাদেশ। গোলরক্ষকের ব্যর্থতা, রক্ষণভাগের অসহায়ত্ব আর কোচের কৌশলগত ভুলে দলকে মাশুল দিতে হয়েছে। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আর ভুল করতে চায় না বাংলাদেশ। এই ম্যাচে নির্ভুল খেলে জয় নিয়ে দেশে ফিরতে চায় ফুটবল দল।

গত বছরের জুনে হোম ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে দেওয়ান হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ ছিল এটি। অনেক উত্তাপ-উন্মাদনা ছড়ানো ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ। ম্যাচটিতে রক্ষণভাগের দুর্বলতায় স্পষ্ট দেখা হয়েছে। কোচ হাভিয়ের কাবরেরার ভুল সিদ্ধান্ত দলকে ভোগায়। যে কারণে ম্যাচে লড়াই করলেও প্রত্যাশিত ফল আসেনি। হামজার রক্ষণচেরা পাস থেকে বল পেয়ে অসাধারণ এক গোল করেছিলেন রাকিব হোসেন।

কার্ডজনিত সমস্যার কারণে সিঙ্গাপুর ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ। একই কারণে খেলতে পারছেন না পরীক্ষিত ডিফেন্ডার তপু বর্মণও। এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতিতে চ্যালেঞ্জ বাড়ছে বাংলাদেশের। তবে কোচ কাবরেরা বলেছেন, তার দল গত ম্যাচে কঠিন পরীক্ষা দিয়ে ফেলেছে। ফল হতাশাজনক হলেও ম্যাচের অনেক ইতিবাচক দিক রয়েছে। যে ভুলগুলো হয়েছে সিঙ্গাপুরের মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি সেগুলো শোধরানোর জন্য কাজ করছেন কোচিং স্টাফরা।

ভিয়েতনাম ম্যাচের ভুল অকপটে স্বীকার করে নিলেন বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন। গতকাল বাফুফের এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘আমরা আমাদের কৌশল অনুযায়ী খেলেছি। যে ভুলগুলো হয়েছে, সেগুলো আমরা অনেক দিন ধরে ভুগেছি। মাঝখানে আমরা ভালোও করেছি। সেট-প্লেতে আমরা আসলে খারাপ করেছি। প্রতিদিন এই দিন আসে না। আশা করি, সামনের ম্যাচে এমন হবে না। আমরা জানি, সিঙ্গাপুর কেমন দল। তাদের প্রতি সম্মান রেখে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলব।

এশিয়ান কাপে গ্রুপের শেষ খেলা এটি। এখান থেকে দেশের ও খেলোয়াড়দের সম্মান, দলের যে ওজন, সে অনুযায়ী পারফরম্যান্স করে দেশে ফিরতে চাই।’ তিনি আরো বলেন, ‘আমরা চাপ নেব না। ভিয়েতনামের বিপক্ষে ভালো প্রস্তুতি নিয়েছি আমরা। ভালো একটি দলকে চ্যালেঞ্জ করতে চেয়েছি। আমাদের চেয়ে যারা ভালো, তাদের বিপক্ষে আমরা কেমন করব, সেটি হলো চ্যালেঞ্জ। আমরা জয় ও পয়েন্ট নিয়ে এখন থেকে ফিরতে চাই।’

এদিকে, ভিয়েতনামের চেয়ে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশির সংখ্যা অনেক বেশি। ম্যাচের আগে অনুশীলনে এসেও বাংলাদেশ ফুটবল দলকে উৎসাহ দিচ্ছেন প্রবাসীরা। তাতে গত ম্যাচে হার ভুলতে বসেছে বাংলাদেশ দল। কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম এমনটাই জানান। তিনি বলেন, ‘সবারই একটু মন খারাপ ছিল। আগের ম্যাচে যেভাবে হয়েছে, এ কারণে। এখন আমাদের ফোকাস এই ম্যাচের দিকে (সিঙ্গাপুর)। সব সাপোর্টার দেখছি। এজন্য আমাদের মনোভাব পরিবর্তন হয়েছে। আমরা আশাবাদী যে আমরা ভালো পারফরম্যান্স করতে পারব। এখন অনুশীলনে প্রস্তুত হচ্ছি আমরা।’ তরুণদের ঘিরে বাংলাদেশ ফুটবলের দারুণ সম্ভাবনা দেখছেন শমিত। তিনি বলেন, ‘চিন্তা করি, আমি ও হামজা যদি ব্যথা পাই খেলতে পারব না, তখন কী হবে। পরবর্তী খেলোয়াড় হিসেবে কে অবদান রাখতে পারে? মিরাজ এসেছে, সে ক্যাম্পে ভালো শুরু করেছে। এটা গুরুত্বপূর্ণ। ফুটবল দলীয় খেলা। যদি বাংলাদেশের পুরো টিম উন্নতি করতে পারে, তাহলে অনেক এগিয়ে যাবে।’

উল্লেখ, এশিয়ান কাপ বাছাইয়ে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন ৫ পয়েন্ট। ‘বি’ গ্রুপে চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। শীর্ষে থাকা সিঙ্গাপুরের অর্জন সর্বোচ্চ ১১ পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে হংকং। আর ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ভারত। সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে জিততে পারলে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে আসার সুযোগ থাকবে বাংলাদেশের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন