নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ টানা দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। টুর্নামেন্টটিতে হ্যাটট্রিক শিরোপা জয়ের কীর্তি রয়েছে কেবল ভারতের। প্রতিবেশী দেশটির এই রেকর্ডে এবার ভাগ বসানোর দুয়ারে বসে আছে বাংলাদেশ নারী ফুটবল দল।
কিন্তু এ মিশনে সফল হওয়া মোটেই সহজ নয়। টানা তৃতীয় শিরোপা জয়ের হাতছানি উল্টো বাড়তি চাপে ফেলে দিতে পারে কি না লাল-সবুজ প্রতিনিধিদের- এমন প্রশ্ন জেগেছে ফুটবল অনুরাগীদের মনে।
তবে টুর্নামেন্টটি শুরুর আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে এসে দলের নতুন অধিনায়ক মারিয়া মান্দা দিলেন অভয়, চাপ থাকলেও তা সামলে ধাপে ধাপে এগোতে দৃঢ় প্রতিজ্ঞ তার দল। টানা দুবারের শিরোপাধারী হলেও এবার শূন্য থেকেই আরম্ভ করতে চান মারিয়া। ‘বি’ গ্রুপে ২৮ মে মালদ্বীপ ও ৩১ মে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে চায় বাংলাদেশ। গ্রুপের সেরা দুদল খেলবে সেমিফাইনালে।
তার আগে ভারতের গোয়ায় আজ মাঠে গড়াতে যাচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ান নারী ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ভুটান ও নেপাল। জওহরলাল নেহরু স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু হবে বিকাল ৫টায়। দিনের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। ‘এ’ গ্রুপে লড়বে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। এখান থেকে সেরা দুদল টিকিট কাটবে শেষ চারের।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামার আগে স্নায়ুচাপ নিয়ে মারিয়া বলেন, ‘আসলে বিগত দিনগুলোতে আমরা খেলে আসছি, আমরা জানি সব দলই অনেক ভালো। তাই চাপ তো থাকবেই। কারণ, এখন নতুন করে আবার সাফ শুরু হচ্ছে। তবে চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার।’
ফুটবলে ম্যাচ ধরে ধরে এগোনোর কৌশলটি পুরোনো হলেও কার্যকর। বাড়তি প্রত্যাশার চাপে যেন খেলোয়াড়রা নিজেদের ছন্দটা হারিয়ে না ফেলে, সে কারণেই এ কৌশল বেছে নিয়েছে বাংলাদেশ। মারিয়ার কণ্ঠেও মিলল সেই সুর, ‘টানা তিনবার শিরোপার লড়াইয়ে আসাটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমরা স্বাভাবিক খেলার চেষ্টাসহ ম্যাচ বাই ম্যাচ ভালো করার চেষ্টা করব। সেভাবেই সব প্রস্তুতি ভালোভাবে নিয়ে এসেছি।’
অধিনায়ক হিসেবে মারিয়ার পরিণত মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ কোচ পিটার বাটলার। দলে তারুণ্যের আধিপত্য থাকায় মারিয়ার ওপর আস্থা রেখেছেন এই ইংলিশ ফুটবল গুরু। তার বিশ্বাস, সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে সামনে এগিয়ে নিতে পারবেন মাঝমাঠের এ তারকা।
থাইল্যান্ডে ক্যাম্প শেষে ফুরফুরে মেজাজেই রয়েছেন দেশের নারী ফুটবলাররা। এখন মাঠে নিজেদের স্বাভাবিক পারফরম্যান্সটা উপহার দেওয়ার পালা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

