৬ পয়েন্টের ব্যবধান ঘোচানোর ‘এল ক্লাসিকো’

৬ পয়েন্টের ব্যবধান ঘোচানোর ‘এল ক্লাসিকো’

স্পেনের ফুটবল মানচিত্রে এল ক্লাসিকো মানেই শুধু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নয়, মর্যাদা, আধিপত্য আর শিরোপার সমীকরণ বদলে দেওয়ার মঞ্চ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় সেই উত্তাপ আরও বেশি। ২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় আজ দিবাগত রাত ২টায় বার্সেলোনার স্পটিফাই ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে স্পেনের অন্যতম সেরা দুদল। এ ম্যাচ লা লিগায় উড়তে থাকা বার্সেলোনার সামনে রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জ আর মাদ্রিদের সামনে ব্যবধান কমিয়ে শিরোপার দৌড়ে ফেরার কঠিন পরীক্ষা।

বিজ্ঞাপন

লা লিগার দশম রাউন্ডের এই লড়াইয়ের আগে দুই দলের পয়েন্টের ব্যবধান ছয়। মৌসুমের প্রথম নয় ম্যাচেই সব কটিতে জিতে দুর্দান্ত ছন্দে হান্সি ফ্লিকের বার্সেলোনা। অন্যদিকে রিয়াল হেরেছে রিয়াল বেতিস অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। ফলে শীর্ষে থাকা বার্সাকে ধরতে হলে এই ম্যাচে পয়েন্ট হারানোর সুযোগ নেই হোসে মরিনিওর দলের।

বার্সেলোনার আক্রমণে সবচেয়ে বড় আকর্ষণ লামিনে ইয়ামাল। চলতি লিগে নয় ম্যাচে আট গোল করেছেন এই তরুণ স্প্যানিশ তারকা। তাঁর গতি, ড্রিবলিং ও সৃষ্টিশীলতা রিয়ালের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। বার্সেলোনা প্রথম নয় ম্যাচে করেছে ৩৯ গোল। এই পরিসংখ্যানই বলে দেয় আক্রমণাত্মক ফুটবলে তাদের ধার কতটা। বার্সার এই ধার এড়িয়ে জিততে হলে খুব কঠিন পরীক্ষা দিতে হবে রিয়ালের রক্ষণকে।

অন্যদিকে রিয়ালের প্রধান ভরসা কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনার বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ১২ গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড। তবে এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে পাবে না রিয়াল। ঘরোয়া প্রতিযোগিতায় চার ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় ব্রাজিলিয়ান উইঙ্গারের অনুপস্থিতি মরিনিওর আক্রমণ সাজানোর পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। তাতে এক এমবাপ্পের ওপরেই ভরসা করতে হচ্ছে লস ব্লাঙ্কোসদের।

ম্যাচের আগে দুই দলের ইউরোপীয় ব্যস্ততাও আলোচনায়। বার্সেলোনা মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ৪–২ গোলে হেরেছে। রিয়াল বুধবার লাইপজিগকে ৪–১ গোলে হারিয়েছে। মরিনিওর অভিযোগ, বিশ্রাম ও প্রস্তুতির জন্য বার্সেলোনা পেয়েছে অতিরিক্ত ২৪ ঘণ্টা। ফলে তারা চাঙ্গা হয়ে মাঠে নামার সুযোগ পাবে। তবে মাঠে শেষ পর্যন্ত নির্ধারক হবে কৌশল, গতি ও সুযোগ কাজে লাগানোর দক্ষতা।

বার্সেলোনা জিতলে লিগে টানা দশ ম্যাচ জয়ের নজির গড়বে। লা লিগার ইতিহাসে কোনো দল মৌসুমের প্রথম দশ ম্যাচ জিততে পারেনি। অপ্টার পূর্বাভাসেও এগিয়ে ফ্লিকের দল। তবে এল ক্লাসিকোয় পরিসংখ্যান নিশ্চয়তা নয়; এমবাপ্পের এক ঝলক কিংবা ইয়ামালের জাদুতেই বদলে যেতে পারে ম্যাচের গল্প। এটা অতীতেও দেখা গেছে। বর্তমানেও ব্যতিক্রম হবার সম্ভাবনা কম৷ সুতরাং দর্শকরা যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের স্বাক্ষী হতে যাচ্ছেন, সেটা অনুমেয়। অপেক্ষা এখন ফলাফলের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন