গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী এড. আহমেদ আযম খান বলেছেন, আমরা সহিংস বাংলাদেশ দেখতে চাই না নজরুলের সাংস্কৃতিক বাংলাদেশ, গানের বাংলাদেশ, নাচের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা এসেছে সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগে যে মেধাবী বাংলাদেশের কথা বলে গেছেন সেই মেধাবী মেধাবী বাংলাদেশ দেখতে চাই।
মুক্তিযুদ্ধ মন্ত্রী আরও বলেন, কাজী নজরুল শুধু একজন কবি ছিলেন না তিনি ছিলেন একটি চেতনা, একটি প্রতিবাদ, একটি মানবিক দর্শন, তিনি অন্যায়-অত্যাচার, শোষণ বৈষম্য পরাধীনতার বিরুদ্ধে মেধা ও কলমকে তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। তার কবিতায় যেমন বিদ্রোহের আগুন রয়েছে, তেমনি রয়েছে প্রেমের কোমলতা। তার গানে যেমন রয়েছে স্বাধীনতার আকাঙ্ক্ষা তেমনি রয়েছে শান্তি সম্প্রীতির আহ্বান। তিনি ধর্মের নামে বিভেদ চাননি মানুষের ভালোবাসা ও ভ্রাতৃত্ব তাই নজরুল আজও আমাদের কাছে প্রাসঙ্গিক।
শনিবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরে অবস্থিত শাহীন স্কুল এন্ড কলেজ আয়োজিত ‘কাব্য ও ছন্দে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ-এর এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. মাহামুদুর হাসান, বিএসপি, জিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গ্রুপ ক্যাপ্টেন মনজিলা রিজওয়ান, পিএসসি, অধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মো. আশরাফুল আলম,এএসপি (সার্কেল) এস এম মামুনুর রশিদ, ওসি মো. মুরাদ হোসেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সহ-সভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক কবির হাসান ও সাংগঠনিক সম্পাদক সবুর রেজাসহ বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মকর্তা, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলাম রচিত গান কবিতা ও গানের ছন্দে নিত্য পরিবেশন করেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শাহীন কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি সুলতান মাহমুদ পরিদর্শন করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

