নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল আয়োজিত তিন দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৬’-এর অংশ হিসেবে মঞ্চস্থ হতে যাচ্ছে জনপ্রিয় নাটক ‘চিত্রাঙ্গদা’। আগামীকাল ২০ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে দেশ-বিদেশে সমাদৃত এই প্রযোজনাটির দু’টি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
‘ঐতিহ্যধারায় সম্মুখযাত্রী বাঙলা নাট্যরথ, রবীন্দ্রনাথ-সেলিম আল দীনে পায় পূর্ণতার পথ’—এই স্লোগানকে সামনে রেখে নাট্যাচার্যের জন্ম ও প্রয়াণদিবস স্মরণে এটি স্বপ্নদলের ৩৪তম নিয়মিত উৎসব। উৎসবের সূচনায় গত ১৮ আগস্ট সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন প্রাঙ্গণ থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আয়োজন করে দলটি।
উৎসবের দ্বিতীয় দিন ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় স্টুডিও থিয়েটারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র ১২৪ ও ১২৫তম মঞ্চায়ন হবে। ‘ভারত রঙ্গ মহোৎসব ২০২৪’-সহ নানা আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত এই নাটকটি ঐতিহ্যের ধারায় গবেষণাগার পদ্ধতিতে নির্দেশনা দিয়েছেন নাট্যাচার্যের অনুগামী নাট্যনির্দেশক জাহিদ রিপন।
মহাভারতের গল্পনির্ভর এই নাটকে দেখা যায়, মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদার প্রেমে সাড়া না দিয়ে তাঁর রূপহীনতাকে প্রত্যাখ্যান করেন মহাবীর অর্জুন। পরবর্তীতে প্রেমের দেবতা মদন ও বসন্তের কৃপায় এক বছরের জন্য পরম সুন্দরী রূপ লাভ করেন চিত্রাঙ্গদা। অর্জুনকে জয় করলেও নিজের ভেতরের মনস্তাত্ত্বিক টানাপোড়েন তাকে তাড়া করে ফেরে—অর্জুন কি কেবল তাঁর সাময়িক বাহ্যিক রূপকে ভালোবেসেছেন, নাকি তাঁর প্রকৃত সত্তাকে? পৌরাণিক এই উপাখ্যানের আড়ালে মূলত আধুনিক নর-নারীর মনোদৈহিক জটিলতা ও পারস্পরিক সম্মানের বার্তা ফুটিয়ে তোলা হয়েছে।
উল্লেখ্য, বাংলা নাট্যের কালজয়ী রূপকার ও তাত্ত্বিক নাট্যাচার্য সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন এবং ২০০৮ সালের ১৪ জানুয়ারি প্রয়াণ লাভ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই নিয়মিত এই নাট্যোৎসবের আয়োজন করে আসছে স্বপ্নদল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

