সত্য আর মিথ্যার দ্বন্দ্বে সম্পর্কের জটিল সমীকরণ এবং জীবনপ্রায় দুজন মানুষের বেঁচে থাকার গল্প নিয়ে আসছে নতুন চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’। আগামী ১২ আগস্ট রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।
চরকি অরিজিনাল সীমিত দৈর্ঘ্যের এই প্রজেক্টটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রিয়াজুল হক ইমরান। গল্পের প্রধান দুই চরিত্র মুন্তাসির ও শাহিদা—যাদের জীবনের বাস্তব সত্যগুলো ধূসর, তবে সেই ধূসরতাকে ঢেকে রেখে প্রিয় মানুষকে পাশে পাওয়ার জন্য তারা কিছু গোপন মিথ্যার রঙ মেখে নেয়।
এতে অভিনয় করেছেন দেশের প্রখ্যাত দুই অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমি। চিত্রনাট্যের ভিন্নতা দেখেই কাজটি করতে আগ্রহী হয়েছেন তারা। অভিনেত্রী আফসানা মিমি চিত্রনাট্য পড়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘গল্পটি পড়া শেষ করেছি চোখে জল নিয়ে। আফজাল ভাইয়ের সাথে কাজ করা সবসময়ই রোমাঞ্চকর, উনি সবকিছু বন্ধুর মতো সহজ করে দেন। আর নির্মাতা ইমরান কাজের প্রতি অত্যন্ত নিবেদিত ও খুঁতখুঁতে।’
অন্যদিকে বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন বলেন, ‘আজকাল মন মাতানোর জন্য চটকদার গল্পের চাহিদা বেশি। এমন সময়ে কেউ যদি ঠান্ডা মেজাজের, শীরশীর করা অনুভূতির গল্প তৈরি করতে চায়, সেই ভাবনাকে বিশেষ বলতেই হয়। আশা করি এই আবেগ দর্শকদের স্পর্শ করবে।’
প্রথার বাইরে গিয়ে দেশের প্রবীণ ও বরেণ্য শিল্পীদের নিয়ে এমন আবেগঘন কাজের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি মনে করেন, সব বয়সী দর্শকই এই কনটেন্টটির সাথে নিজেদের কানেক্ট করতে পারবেন।
নির্মাতা রিয়াজুল হক ইমরানের মতে, বয়সের সাথে সাথে মানুষের চাওয়া- পাওয়া, ভয় আর মৌলিক চাহিদা বদলে যায়। অসুস্থতা, একাকিত্ব ও ক্ষয়ের মধ্যেও কীভাবে দুজন মানুষ একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার নতুন অর্থ খুঁজে পায়, তাই ফুটে উঠেছে ‘রঙিন সুরমা’য়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

