দলের ফটোগ্রাফারকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ইরাকের হুসেনকে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ

স্পোর্টস ডেস্ক

ইরাকের হুসেনকে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ

দীর্ঘ ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে ইরাক। তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগের মুহূর্তে এক অনাকাঙ্ক্ষিত বিতর্কিত ঘটনার মুখোমুখি হতে হলো মধ্যপ্রাচ্যের এই দেশটিকে। ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ইরাকের তারকা স্ট্রাইকার আইমেন হুসেনকে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দীর্ঘ জেরার পর হুসেনকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও দলের অফিশিয়াল ফটোগ্রাফার তালাল সালাহকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি। শনিবার ভোরে ইরাক জাতীয় ফুটবল দল যুক্তরাষ্ট্রের শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এই ঘটনা ঘটে।
ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, বিমানবন্দর কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) কর্মকর্তারা ফুটবল দলটির ওপর কড়া নজরদারি চালান। বিমান থেকে নামার পরপরই ৩০ বছর বয়সি তারকা ফরোয়ার্ড আইমেন হুসেনকে অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করা হয়। এরপর একটি পৃথক কক্ষে নিয়ে তাকে টানা প্রায় সাত ঘণ্টা জেরা করা হয় এবং তার মোবাইল পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। মূলত হুসেনের গোলেই প্লে-অফে বলিভিয়াকে হারিয়ে ইরাক বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল।
‘আইমেন হুসেনকে দীর্ঘ সময় পর মুক্তি দেওয়া হলেও দলের অফিশিয়াল আলোকচিত্রী তালাল সালাহ চরম ভোগান্তির শিকার হন। তাকে ১০ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে একইভাবে ফোন তল্লাশি করা হয় এবং শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হয়।’ নাম প্রকাশে অনিচ্ছুক ইরাক ফুটবলের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন