তেভেজের বিদায়ী ম্যাচে এক মাঠে খেলবেন মেসি ও রোনালদো!

তেভেজের বিদায়ী ম্যাচে এক মাঠে খেলবেন মেসি ও রোনালদো!

সবুজ মাঠকে বিদায় জানানোর দীর্ঘ চার বছর পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের ঘোষণা দিলেন কার্লোস তেভেজ। আর্জেন্টাইন ফুটবলের ‘আপাচে’ খ্যাত এই ফরোয়ার্ড মাঠ মাতানো ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এক রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে। আগামী ২০ ডিসেম্বর আর্জেন্টিনার ঐতিহাসিক ‘লা বোম্বোনেরা’ স্টেডিয়ামে হতে যাচ্ছে তার বহুলপ্রতীক্ষিত বিদায়ী ম্যাচ, যার নামকরণ করা হয়েছে—‘গুডবাই আপাচে : ফ্রম বল বয় টু লিজেন্ড’।

বিদায়ী ম্যাচটিকে নিছক একটি প্রদর্শনী ম্যাচে সীমাবদ্ধ রাখতে চান না তেভেজ। বিশ্ব ফুটবলের মহাতারকাদের মিলনমেলায় পরিণত করতে তার পরিকল্পনাটি বেশ বড়সড়। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রিও ফার্দিনান্দের সঙ্গে আলাপকালে তেভেজ নিশ্চিত করেছেন, তার এই বিশেষ দিনে মাঠে উপস্থিত থাকবেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এবং বোকা জুনিয়র্সের বর্তমান সভাপতি হুয়ান রোমান রিকেলমে।

বিজ্ঞাপন

তবে এখানেই শেষ নয়। ফুটবল দুনিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই বরপুত্র—লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই মাঠে নামানোর রোমাঞ্চকর এক পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। নিজেই রোনালদোকে এই ম্যাচে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন তেভেজ। পর্তুগিজ তারকা যদি এই আহ্বানে সাড়া দেন, তবে বুয়েনস আইরেসের সবুজ গালিচায় মেসি-রোনালদোকে একসঙ্গে দেখার এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বিশ্ব।

মাঠের লড়াইয়ে তেভেজের পাশে ইউরোপ ও লাতিন আমেরিকার সোনালি প্রজন্মের সতীর্থদের দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। সম্ভাব্য অতিথি তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস ও আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক সতীর্থদের মধ্যে সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, পল স্কোলস, রায়ান গিগস, ওয়েইন রুনি এবং আন্দ্রেয়া পিরলোর নাম রয়েছে।

২০০১ সালে বোকা জুনিয়র্সের জার্সিতে পেশাদার ফুটবল শুরু করা তেভেজ ক্লাবটির হয়ে ২৭৯ ম্যাচে ৯৪ গোল করেছেন। ২০০৩ সালের কোপা লিবার্তাদোরেস ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ে রেখেছিলেন অবিস্মরণীয় অবদান। মাঠ ছাড়ার পর কোচিং পেশায় হাত পাকালেও (সর্বশেষ গত মে মাসে ত্যারেস দে কর্দোবার কোচের দায়িত্ব ছাড়েন) বর্তমানে প্যাডেল কোর্টের ব্যবসায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

তবে সব ব্যস্ততা ছাপিয়ে আগামী ২০ ডিসেম্বর শেকড়ের টানে সেই চিরচেনা লা বোম্বোনেরার গ্যালারির সামনে শেষবারের মতো বুট জোড়া পায়ে নামবেন ‘আপাচে’। যে স্টেডিয়ামের বল বয় থেকে তিনি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হয়ে উঠেছিলেন, সেখানেই বর্ণিল এক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন