পাঁচ হলুদ কার্ডেও নিষেধাজ্ঞা থেকে বেঁচে গেলেন মেসি

পাঁচ হলুদ কার্ডেও নিষেধাজ্ঞা থেকে বেঁচে গেলেন মেসি

পাঁচটি হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞার মুখে পড়ছেন না লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) ‘গুড বিহেভিয়ার’ নিয়মের সুবিধায় কার্ডের হিসাব কমে যাওয়ায় পরের ম্যাচেও মাঠে নামতে পারবেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন অধিনায়ক।

বিজ্ঞাপন

সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের ৪৪ মিনিটে স্যামুয়েল গুইদিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন মেসি। এর আগে কলোরাডো র‍্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল ও আটলান্টার বিপক্ষেও কার্ড দেখেছিলেন তিনি। সাধারণ নিয়মে পাঁচ হলুদ কার্ডে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা।

তবে এমএলএসে টানা পাঁচ বা তার বেশি ম্যাচ কার্ড না দেখলে একজন খেলোয়াড়ের জমা হওয়া হলুদ কার্ডের একটি বাদ দেওয়া হয়। এক মৌসুমে সর্বোচ্চ তিনবার এই সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে। মেসি ইতিমধ্যে দুবার নিয়মটির সুবিধা পেয়েছেন।

অরল্যান্ডোর বিপক্ষে কার্ড দেখার পর ন্যাশভিলের বিপক্ষে পরবর্তী কার্ড দেখার আগে পাঁচ ম্যাচ এবং পরে আটলান্টার বিপক্ষে কার্ড দেখার আগে ১০ ম্যাচ কার্ডমুক্ত ছিলেন তিনি। ফলে আগের দুটি হলুদ কার্ড হিসাব থেকে বাদ পড়ে। সিনসিনাটির বিপক্ষে নতুন কার্ড দেখার পরও তাঁর কার্যকর কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।

তাই নিষেধাজ্ঞার শঙ্কা ছাড়াই আগামী রোববার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে এমএলএসের নিয়মিত মৌসুমের ৩৩তম ম্যাচে খেলতে পারবেন মেসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন