হাজার গোলের স্বপ্ন পূরণে আরেক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল খুলুদের বিপক্ষে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিনবার জালের দেখা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা। তাঁর হ্যাটট্রিকে ভর করে সৌদি প্রো লিগের ম্যাচে ৫-৩ গোলের জয় পেয়েছে আল নাসর। এই তিন গোলের পর পেশাদার ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫। অর্থাৎ ১০০০ গোলের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আর মাত্র ১৫টি।
বৃহস্পতিবার রিয়াদের আল-আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা অবশ্য ভালো হয়নি আল নাসরের। ১৬ মিনিটে জুলিয়েন ডমিঙ্গেজের গোলে এগিয়ে যায় আল খুলুদ। আট মিনিট পর অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা। ৩৮ মিনিটে সাদিও মানে দলকে এগিয়ে নিলেও বিরতির ঠিক আগে ইনজুরি সময়ে অ্যান্তোইন আসোম্বার গোলে আবার সমতা ফেরে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় আল নাসর। ৬৬ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর ৭২ ও ৮১ মিনিটে আরও দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এর মধ্যে দুটি গোল সতীর্থের বাড়ানো পাস থেকে, অন্যটি ক্রস থেকে হেডে। আল নাসরের জার্সিতে এটি তাঁর সপ্তম হ্যাটট্রিক, আর পুরো পেশাদার ক্যারিয়ারে ৬৭তম।
রোনালদোর হ্যাটট্রিকের পর ব্যবধান কমাতে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন ডমিঙ্গেজ। তবে তাতে আল নাসরের জয় আটকায়নি। ম্যাচটি শেষ হয় ৫-৩ ব্যবধানে।
এই হ্যাটট্রিকের সুবাদে পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করেছেন রোনালদো। তাঁর গোল এখন ৯৮৫। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির গোলসংখ্যা ৯৩৬। দুই তারকার ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৪৯-এ। হ্যাটট্রিকের সংখ্যাতেও এগিয়ে রোনালদো—তাঁর ৬৭টির বিপরীতে মেসির ৬২টি।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, দলের দুর্দান্ত পারফরম্যান্স ও জয় তাঁকে আনন্দিত করেছে। হ্যাটট্রিক করে জয়ে অবদান রাখতে পেরেও সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
এই জয়ের পর ২৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে আল কাদসিয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

