আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত বাংলাদেশের সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। টুর্নামেন্ট সামনে রেখে সুইডেন থেকে বাংলাদেশে এসে দলের সঙ্গে কোরিয়ান ইপিজেডে নিজেকে ঝালিয়ে নেন এই নারী ফুটবলার। এরপর দলের সঙ্গে বর্তমানে থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্পে আছেন আনিকা। সেখান থেকে এই ফরোয়ার্ড বলেছেন, আসন্ন টুর্নামেন্টের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত।
গত সোমবার থাইল্যান্ডের ক্লাব কাসেম বুন্ডিতে বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এ ম্যাচে ২-০ গোলে জয় পায় তারা। এর মধ্যে একটি গোল করেন আনিকা। এই গোলটিই তাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। প্রবাসী এই নারী খেলোয়াড় জানান, ‘প্রস্তুতি ম্যাচে গোল করতে পেরে আমি খুশি। তবে অনেক পথ পাড়ি দিতে হবে। তবে আমি আত্মবিশ্বাসী এবং ভালো অনুভব করছি। আশা করি, সামনে আরো গোল পাব এবং ফল ভালো হবে।’
টানা তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। এই মিশনে যাওয়ার আগে দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী আনিকা। তিনি জানান, থাইল্যান্ডে দলের সঙ্গে বেশ মানিয়ে নিতে পেরেছেন। যে আবহাওয়া ও কন্ডিশনের মধ্যে দল প্রস্তুতি নিচ্ছে, ভারতে সাফ টুর্নামেন্টে সেটি কাজে দেবে। ২০ বছর বয়সি আনিকা জানান, সাফে তাদের প্রত্যাশা অনেক। আবার সাফ সাফ জিততে চান। বাংলাদেশকে শিরোপা জেতানোর জন্য সেরা খেলাটাই উপহার দিতে চান আনিকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

