বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপি দোলন গ্রেপ্তার

বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপি দোলন গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে বিশেষ গোয়েন্দা সংস্থা এসআরবি-১।

বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এসআরবি সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনে অপরাধ, চুরি, মারধর, নাশকতা এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। একই থানায় ২০২৬ সালের ২ জুন করা আরেকটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

এছাড়া ২০২৪ সালের ১৯ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’-এর ১৮ ধারা এবং ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’-এর ৭৩ অনুচ্ছেদে অভিযোগ আনা হয়েছে।

এসআরবি সূত্র আরও জানায়, ২০২৫ সালের ৫ জুন শ্যামনগর থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের ১৯ মার্চ একই থানায় করা মামলায় মারধর, হত্যাচেষ্টা, চুরি, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছিল, যেগুলোতে ওই বছরের ২৬ অক্টোবর আদালতে ৭০৬ নম্বর অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

গ্রেপ্তারের পর আতাউল হক দোলনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি সূত্র।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...