হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় সাড়ে ১৭ টন সিমেন্ট জব্দ, আটক ৯

হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় সাড়ে ১৭ টন সিমেন্ট জব্দ, আটক ৯

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়।

বৃহস্পতিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের মো. রাশেদ, নোয়াখালীর হাতিয়া উপজেলার আল-আমীন গ্রামের মো. রাশেদ, ফরাজি গ্রামের ফজলুল হক, রেজুকালিয়া গ্রামের মো. বাবুল, সুবর্ণচর উপজেলার দক্ষিণচর মজিদ গ্রামের মো. মনির, মো. আফসার উদ্দিন, মো. শেহেনাজ ও মো. রুবেল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হাতিয়া থানাধীন চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় বোটসহ ৯ জনকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দকৃত সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জানান, কোস্ট গার্ডের হাতে আটক ৯ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোস্ট গার্ডের ক্যাম্প কমান্ডার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন এবং আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন