বরগুনার আমতলীতে আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবারের দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করতে বুধবার রাতে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী শাখারিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন- নাঈম হাওলাদার (১৬), জোবায়ের মৃধা (১৭), রাশেদুল হাওলাদার (১৬), নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১), জাবের ইসলাম (২১), সিফাত আকন (১৫), রাব্বি আকন (১৭), সাইমুন হাওলাদার (১৬), ইমরান (১৬), নাঈম (১৬) ও আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন (৩০)।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, ১২ জনকে গ্রেপ্তার করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার ১২ জনকে আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

