পঞ্চাশ ও ষাটের দশকের ব্রাজিলিয়ান ও ইতালিয়ান ফুটবল মাতানো কিংবদন্তি ডিফেন্সিভ মিডফিল্ডার দিনো সানি আর নেই। দূরদর্শিতা ও নিখুঁত পাসের সুবাদে ফুটবল বিশ্বে ‘দ্য ব্রেন’ খ্যাত এই ফুটবলার গত রোববার ৯৪ বছর বয়সে মারা গেছেন। তার এই প্রয়াণের মধ্য দিয়ে ফুটবল জগতের একটি বর্ণিল অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং সেই সঙ্গে পরিবর্তন এসেছে বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলারদের তালিকায়।
দিনো সানির প্রয়াণের পর বর্তমানে এই বিরল রেকর্ডের শীর্ষে অবস্থান করছেন ব্রাজিলের আরেক কিংবদন্তি, ৯১ বছর বয়সী ফরোয়ার্ড পেপে। সান্তোসের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার ১৯৫৮ ও ১৯৬২—দুটি বিশ্বকাপজয়ী ব্রাজিল স্কোয়াডের সদস্য ছিলেন।
বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলারদের বর্তমান তালিকার শীর্ষ পাঁচের বেশিরভাগ জুড়েই রয়েছে ব্রাজিলিয়ানদের আধিপত্য। তালিকার দুই নম্বরে আছেন ১৯৫৮ বিশ্বকাপজয়ী ৯০ বছর বয়সী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার মোয়াকির এবং তিন নম্বরে ৮৮ বছর বয়সী হোসে আলতাফিনি (যিনি মাজ্জোলা নামেও পরিচিত)। এ ছাড়া চারে আছেন ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ বিশ্বকাপজয়ী ৮৭ বছর বয়সী সাবেক ফরোয়ার্ড টেরি পাইন এবং পাঁচে ১৯৬২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড আমারিল্ডো (বয়স ৮৭ বছর)।
দিনো সানির মৃত্যুর ফলে ১৯৫৮ সালের ঐতিহাসিক বিশ্বকাপজয়ী ব্রাজিল স্কোয়াডের জীবিত সদস্যসংখ্যা এখন মাত্র তিনজনে নেমে এসেছে। তারা হলেন—পেপে, মোয়াকির ও মাজ্জোলা। ১৯৩২ সালে সাও পাওলোয় জন্ম নেওয়া সানি ক্লাব ফুটবলে পালমেইরাস ও এসি মিলানের জার্সিতে দুর্দান্ত সাফল্য পেয়েছেন। এসি মিলানের হয়ে তিনি সিরি আ এবং ইউরোপিয়ান কাপের মতো মর্যাদাপূর্ণ শিরোপা জিতেছিলেন। ব্রাজিলের হয়ে ২৪ ম্যাচে মাঠে নেমে তিনি ১৬টি জয় ও ৪টি ড্রয়ের সঙ্গে দলের মাঝমাঠকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছিলেন। তার বিদায়ে বিশ্ব ফুটবল হারাল এক ক্ষণজন্মা ফুটবল মনস্তাত্ত্বিক ও কারিগরকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

