বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা: চসিক প্রশাসক

বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা: চসিক প্রশাসক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরে ৩ লাখ ৬৮ হাজার ১৫৪ জন শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে। কোনো শিশুই এই টিকা থেকে বাদ যাবে না। চসিকের স্বাস্থ্যকর্মীরা নিবিড়ভাবে কাজ করছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান করে শিশুদের টিকার আওতায় আনছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে নগরের এনায়েতবাজারের তুলাতুলিতে হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রশাসক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বাদ পড়া শিশুদের বাড়ি বাড়ি অনুসন্ধান করে টিকা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাদ পড়া শিশুদের হালনাগাদ তালিকা প্রস্তুত করে অতিরিক্ত ও বিশেষ সেশনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, চসিক এলাকায় ৪১টি ওয়ার্ডে ৭টি ইপিআই জোনের মাধ্যমে সুনামের সঙ্গে ইপিআই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সারা দেশের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায়ও টিকা থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ‘ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনো শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সে নির্ধারিত হাম-রুবেলা টিকার ডোজ গ্রহণ করে থাকলেও যদি সে এই ক্যাম্পেইনের ডোজ থেকে বাদ পড়ে থাকে, তাহলে তাকেও ক্যাম্পেইনের আওতায় অতিরিক্ত ১ ডোজ টিকা প্রদান করতে হবে। তবে পূর্ববর্তী ডোজের সঙ্গে ক্যাম্পেইন ডোজের মধ্যে ন্যূনতম ২৮ দিনের ব্যবধান নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা এবং চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

চসিক সূত্র জানায়, নগর এলাকায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়ার জন্য গত ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ৩ লাখ ২৩ হাজার ২১৯ জন শিশুকে টিকা দেওয়া হয়। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর থেকে হাম-রুবেলা ক্যাচ-আপ টিকা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। বর্তমানে ক্যাচ-আপ ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রায় ৪০ হাজার ১৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও ক্যাচ-আপ ক্যাম্পেইন মিলে মোট ৩ লাখ ৬৪ হাজার ১৫৪ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন