সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের গ্রুপে বাংলাদেশ

টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল এবার সাফে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে ঢাকায়, যেখানে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে।

ড্র অনুযায়ী, বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। সর্বশেষ ফিফা নারী র‌্যাংকিং অনুযায়ী অংশ নেওয়া ছয় দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এই র‌্যাংকিং ধরে দলগুলোকে তিনটি পটে ভাগ করা হয়, যেখানে বাংলাদেশ ছিল দ্বিতীয় পটে শ্রীলঙ্কার সঙ্গে।

টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেবে, যারা দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি দল গ্রুপপর্বে দুটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে পয়েন্টের ভিত্তিতে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে।

অন্যদিকে ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। শক্তির বিচারে এই গ্রুপে নেপালকে এগিয়ে রাখা হচ্ছে। ফলে বাংলাদেশ যদি নিজেদের গ্রুপে শীর্ষস্থান দখল করতে পারে, তাহলে সেমিফাইনালে নেপালের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এড়ানো সম্ভব হবে।

এদিকে সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর স্থগিত থাকলেও, নারী ফুটবল দলের ভারত যাওয়া নিয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় নির্বাচনের পর দুই দেশের সম্পর্ক কিছুটা উন্নত হওয়ায় এই সফর বাস্তবায়নে আর বাধা থাকার সম্ভাবনা কম।

হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ দল আগামী কয়েক দিনের মধ্যেই চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে। পাশাপাশি দেশের বাইরে অনুশীলনের পরিকল্পনাও রয়েছে দলের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন