ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে গত ৪ মে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছিলেন, তিনদিনের মধ্যে জাতীয় ফুটবল দলের কোচ চূড়ান্ত করতে চান তারা। নতুন কোচ নিয়োগের জন্য ১০ জনের যে সংক্ষিপ্ত তালিকা করেছে বাফুফে, সেসব কোচের সাক্ষাৎকার নিচ্ছেন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কর্তারা।
এরই মধ্যে বাফুফে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন আজ জানালেন, পূর্বঘোষিত তিনদিনের মধ্যে কোচ চূড়ান্ত করতে পারবেন না তারা। আরো কদিন সময় লাগবে। বাফুফের সংক্ষিপ্ত তালিকায় নাম আছে ব্রাজিলিয়ান কোচ রোজারিও মিকেলের নামও। কামরুল হাসান জানান, বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিতে আগ্রহী ৫৭ বছর বয়সি এই কোচ। এজন্য ৩০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লাখ টাকা) পারিশ্রমিক চান মিকেল। তবে পারিশ্রমিকের ব্যাপারে দরকষাকষি করতে রাজি আছেন এই ব্রাজিলিয়ান।
হামজা-শমিতদের জন্য বড় অঙ্কের অর্থ খরচ করে সম্ভাব্য সেরা কোচ নিয়োগ দিতে চায় বাফুফে। যদিও নতুন কোচ নিয়োগের জন্য বাফুফেও এখনো বাজেট নির্ধারণ করেনি। সবশেষ স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরাকে প্রায় ১৭ লাখ টাকার মতো পারিশ্রমিক দিয়েছে ফুটবল ফেডারেশন। এর বাইরে থাকা-খাওয়াসহ অন্যান্য সুযোগ-সুবিধা পেতেন কাবরেরা। এবার বাজেট কত হতে পারে? কামরুল হাসান বলেন, ‘এটা আমরা এখনো ঠিক করিনি। এ বিষয়ে জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নেবে।’
এদিকে ফুটবলাঙ্গনে আলোচনা চাউর হয়েছে, ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে নিয়োগ দিচ্ছে ফুটবল ফেডারেশন। তার চাহিদা ব্রাজিলের মিকেলের চেয়ে কম অঙ্কের পারিশ্রমিক হতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

