অতিথি ম্যানচেস্টার সিটি আক্রমণে রীতিমতো ঝড় তুলল প্রথমার্ধে। তাদের আক্রমণের জোয়ারের তোড়ে যেন খুঁজে পাওয়াই যাচ্ছিল না প্রতিপক্ষ এভারটনকে। কিন্তু বিরতির পর ম্যাচের চিত্রনাট্য পাল্টে গেল। ফুটবল মাঠে মঞ্চস্থ হলো যেন এক প্রস্থ নাটক! অবিশ্বাস্যভাবে বদলে গেল পরিস্থিতি। উল্টো এবার স্বাগতিকদের আক্রমণে নাস্তানাবুদ হয়ে হারের দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিল কোচ পেপ গার্দিওলার শিষ্যরা।
তবে শেষরক্ষা ইনজুরি টাইমের গোলে। কোনোমতে একটি পয়েন্ট কেড়ে নিয়ে ঘরে ফিরেছে সিটি। সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ গোলের থ্রিলার ম্যাচটি ৩-৩ গোলে অমীমাংসিত থেকে গেছে। সিটি পয়েন্ট খোয়ানোয় শিরোপা লড়াইয়ে খানিকটা এগিয়ে রইল আর্সেনাল। আর এতে উৎসবের আমেজ বিরাজ করছে গানার শিবিরে।
সিটির জার্সি গায়ে প্রথম ও শেষ গোলটি এনে দিয়েছেন জেরেমি ডোকু। তার জোড়া গোলের ঝলকের মাঝে বাকি গোলটি উপহার দিয়েছেন আর্লিং হালান্ড। ইনজুরি টাইমের ৭ মিনিটে ডোকুর শেষ গোলটি লিগ শ্রেষ্ঠত্ব জয়ের দৌড়ে হয়ে উঠতে পারে মহামূল্য। এভারটনের হয়ে জোড়া গোল এনে দেন তিয়ের্নো বেরি, অন্যটি জ্যাক ও’ব্রায়েন।
এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে আর্সেনাল। ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। প্রতিপক্ষের মাঠে ১৬ মিনিটে গোলের প্রথম সুযোগ পায় সিটি। নিকো ও’রাইলির কাটব্যাকে হালান্ডের শট রুখে দেয় এভারটনের রক্ষণ দেয়াল। দুই মিনিট পর প্রায় একই জায়গা থেকে একইভাবে আটকে যায় ও’রাইলির শট।
পয়েন্ট হারানোয় শিরোপা জয়ে বড় এক ধাক্কাই খেয়েছে সিটি। লড়াইয়ে নিজেদের পিছিয়ে পড়ার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন কোচ পেপ গার্দিওলা, ‘হারার চেয়ে এটা (ড্র)। তবে আমরা তো জিততেই চেয়েছি। আমরা জয়ের জন্যই খেলি এবং দেখিয়ে দিয়েছি যে, আমরা কতটা শক্তিশালী দল। সবকিছুই চেষ্টা করেছি আমরা, ছেলেরা মাঠে আক্রমণাত্মক ছিল। এখন এটা (শিরোপার লড়াই) আর আমাদের হাতে নেই। আগে ছিল, এখন আর নেই। লিগে আমাদের চারটি ম্যাচ বাকি আছে। সেগুলো প্রায় একই রকম হবে এবং আমরা দেখব, কী হয়…।’
পয়েন্ট হারিয়ে হতাশ ডোকু। কিন্তু শিরোপার আশা ছাড়ছেন না। লড়াই চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ জোড়া গোল উপহার দেওয়া এই উইঙ্গার, ‘এটা যন্ত্রণাদায়ক (পয়েন্ট হারানো)। তবে এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে এবং যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা লড়াই চালিয়ে যাব। এটা আমাদের নিজেদের এবং সমর্থকদের প্রতি আমাদের দায়বদ্ধতা।’
একনজরে
এভারটন ৩-৩ ম্যানসিটি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

