বাংলাদেশ ফুটবল লিগ

জয়ের ছন্দে মোহামেডান শীর্ষ স্থান মজবুত কিংসের

স্পোর্টস রিপোর্টার

জয়ের ছন্দে মোহামেডান শীর্ষ স্থান মজবুত কিংসের

কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করার পর বাংলাদেশ ফুটবল লিগে জয়ের ছন্দে রয়েছে মোহামেডান। ভারপ্রাপ্ত কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর অধীনে আজ আরো একটি ম্যাচ জিতল তারা। মোহামেডান ৩-১ গোলে হারাল পিডব্লিউডিকে। এ নিয়ে লিগে দলকে টানা দ্বিতীয় জয় এনে দিলেন কোচ সেন্টু। ফেডারেশন কাপসহ টানা তৃতীয় জয় এটি। এতে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। ১৪ ম্যাচ খেলে তাদের অর্জন এখন ১৭ পয়েন্ট।

একই দিন অপর ম্যাচে বসুন্ধরা কিংস ১-০ গোলে জিতেছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরো মজবুত করল কিংস। ১৪ ম্যাচ খেলে তাদের অর্জন এখন সর্বোচ্চ ৩১ পয়েন্ট। কিংসের সমান ম্যাচ খেলে টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা আবাহনীর অর্জন ২৮ পয়েন্ট।

বিজ্ঞাপন

গাজীপুরে পিডব্লিউডির বিপক্ষে খেলার ১৫ মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন জুয়েল মিয়া। ৮৫ মিনিটে সেই গোল শোধ দেয় পিডব্লিউডি। খেলার শেষ দিকে যখন স্কোর লাইন ১-১, তখন মনে হচ্ছিল ম্যাচ ড্রয়ের দিকে যাচ্ছে। কিন্তু ৮৯ মিনিটে পেনাল্টি পায় মোহামেডান। এই সুযোগ কাজে লাগায় তারা। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মোহামেডানের উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে রাফায়েল টুডুর গোলে স্কোর লাইন হয় ৩-১।

এদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন কিংসের ঘাম ছুটিয়ে ছাড়ল ব্রাদার্স ইউনিয়ন। তবে ২২ মিনিটে ডরিয়েলটন গোমেজের করা গোলেই জিতল তারা। রক্ষণ ধরে রেখে খেলার চেষ্টা করে ব্রাদার্স। কিন্তু শুরু থেকেই কিংসের আক্রমণের মুখে পড়তে হয় তাদের। ২২ মিনিটে এগিয়ে যায় কিংস। ডান দিক থেকে আক্রমণে যায় দলটি। রাকিবের শট ইসহাক ফেরানোর পরই বক্সের বাইরে তালগোল পাকান ব্রাদার্সের ডিফেন্ডার সিফাত ও মুনির। এই দুজনের মধ্যে থেকে সাদ উদ্দিন বল নিয়ে বেরিয়ে যান। তার ক্রস থেকে প্লেসিং শটে গোল করেন ডরিয়েলটন। চলমান লিগে এ নিয়ে ১৪টি গোল করলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাদার্স। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো অদ্ভুত ঘটনার জন্ম দেন। মাঝমাঠ থেকে আসা লং পাস আটকাতে বক্সের বাইরে গিয়ে হাত দিয়ে বল ধরে বসেন অভিজ্ঞ এই গোলরক্ষক। বক্সের ঠিক ওপর ফ্রি কিক নেন জামাল ভূঁইয়া। কিন্তু কিংসের রক্ষণ দেয়ালে লেগে সেটি কর্নার হয়। সেই কর্নার ক্লিয়ার করেন ডরিয়েলটন। এই সুযোগ মিস হওয়ার পর দ্বিতীয়ার্ধে নেমে আর কিংসের সঙ্গে পাল্লা দিয়ে ম্যাচে ফিরতে পারেনি ব্রাদার্স।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...