আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোলহীন মেসি, ন্যাশভিলের মাঠে গোলশূন্য ড্র মিয়ামির

স্পোর্টস ডেস্ক

গোলহীন মেসি, ন্যাশভিলের মাঠে গোলশূন্য ড্র মিয়ামির

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে শেষ ষোলোর প্রথম লেগে গোলহীন ড্র করেছে ইন্টার মিয়ামি ও ন্যাশভিল এফসি। ন্যাশভিলের মাঠে অনুষ্ঠিত ম্যাচে কোনো দলই জালের দেখা পায়নি। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণ হবে দ্বিতীয় লেগে।

ম্যাচটিতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি নিজের সেরা ছন্দে ছিলেন না। পুরো ম্যাচে মাত্র একটি শট নেন তিনি, সেটিও দারুণভাবে ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক। গোল কিংবা অ্যাসিস্ট—কোনোটিই করতে পারেননি মেসি।

ম্যাচের ৫৫তম মিনিটে বাঁ দিক দিয়ে এগিয়ে এসে নেওয়া মেসির শটটি প্রতিহত করেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রুয়ান শোয়াক। এটাই ছিল ম্যাচে তার একমাত্র অন-টার্গেট শট। গত বছরের নভেম্বরের পর এটিই তার সবচেয়ে কম কার্যকর পারফরম্যান্সগুলোর একটি।

পরিসংখ্যানে অবশ্য কিছুটা এগিয়ে ছিল ইন্টার মিয়ামি। তারা ৫৯ শতাংশ সময় বল দখলে রাখলেও আক্রমণে খুব একটা ধার দেখাতে পারেনি। পুরো ম্যাচে মায়ামি নেয় পাঁচটি শট, যার মাত্র একটি ছিল লক্ষ্যে। বিপরীতে ন্যাশভিল নেয় ১১টি শট, যার পাঁচটি ছিল অন-টার্গেট।

৬৫তম মিনিটে ম্যাচের সেরা সুযোগটি তৈরি করে স্বাগতিকরা। কর্নার থেকে বল পেয়ে বক্সের ভেতর হেড নেন রিড বেকার-হোয়াইটিং, তবে বল ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে গোল পাওয়া হয়নি ন্যাশভিলেরও।

এর আগে ২০২৪ সালের এপ্রিল থেকে ন্যাশভিলের বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন মেসি। সেই সময়ে তিনি করেছিলেন ১২ গোল ও ৫টি অ্যাসিস্ট। তবে এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

ফলে গোলশূন্য সমতায় শেষ হওয়া এই লড়াইয়ের পর দ্বিতীয় লেগে নতুন করে হিসাব কষতে হবে দুই দলকে। আগামী ম্যাচে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ন্যাশভিলকে আতিথ্য দেবে ইন্টার মিয়ামি, সেখানেই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালে কারা উঠবে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন