বাংলাদেশ ফুটবল লিগে গতকাল শুক্রবার দারুণ জয় পেয়েছে আবাহনী। তারা ১-০ গোলে হারায় ফর্টিস এফসিকে। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসকে ছুঁয়ে ফেলল আবাহনী। টানা ষষ্ঠ জয়ে টেবিলে এখন কিংসের সমান ২৮ পয়েন্ট আবাহনীরও। তবে গোল গড়ে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে কিংস। অবশ্য আগামীকাল আবাহনীর সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ রয়েছে কিংসের। কিংস অ্যারেনায় যদি তারা ব্রাদার্সকে হারিয়ে দিতে পারে, তাহলে ৩১ পয়েন্ট হবে তাদের।
অপরদিকে ২৫ পয়েন্ট নিয়ে ফর্টিস টেবিলের তিন নম্বরেই রয়েছে। আজ অপর ম্যাচে আরামবাগের কাছে ১-০ গোলে হেরেছে রহমতগঞ্জ। ফলে ১৯ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থাকল দলটি।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার প্রথম মিনিটের গোলেই জিতল আবাহনী। মাত্র ৩৩ সেকেন্ডেই গোল পায় তারা। ডান দিক থেকে প্রথম আক্রমণে যায় কোচ মারুফুল হকের দল। মিরাজুল বক্সে ক্রস বাড়ান। বল ধরতে এগিয়ে যান ফর্টিসের শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেইরা। কিন্তু তখন ডিফেন্ডার মিঠু চৌধুরী তালগোল পাকিয়ে ফেলেন। ছুটে গিয়ে বল বিপদমুক্ত করার চেষ্টা করেন ফর্টিসের এই অধিনায়ক। কিন্তু বল তার পায়ে লেগে চলে যায় জালে। শেষ পর্যন্ত এ গোলটিই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। শুরুতেই গোল হজমের পর চাপে পড়ে যায় ফর্টিস। যে কারণে খেলার নির্ধারিত সময় পর্যন্ত আবাহনীর রক্ষণভাগে আর ফাটল ধরাতে পারেনি তারা।
প্রথমার্ধের শেষদিকে দারুণ সুযোগ পেয়েছিল তারা। ইসা জালোর হেডে বল বারের ওপর দিয়ে উড়ে যায়। দ্বিতীয়ার্ধে রক্ষণ ধরে রেখে খেলার চেষ্টা করে আবাহনী। তাতে সফল হয় তারা। সর্বোচ্চ চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি ফর্টিস। এদিন তাদের হয়ে খেলতে পারেননি ওমর বাবু। কেননা, আগের ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন তিনি। আগের ম্যাচে লাল কার্ড দেখা শেখ মোরসালিনকে পায়নি আবাহনী।
অপরদিকে মানিকগঞ্জে রহমতগঞ্জ-আরামবাগ বেশ লড়াই হয়েছে। তুলনামূলক বেশি সুযোগ তৈরি করে রহমতগঞ্জ। কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ঘানাইয়ান ফরোয়ার্ড কিজিতোর গোলেই জয় পায় আরামবাগ। এ জয়ে ১৪ ম্যাচে আরামবাগের পয়েন্ট দাঁড়াল ১৩।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

