ফুটবল ফেডারেশনের লিগ সভায় আজ সোমবার সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৯ মে হবে ফেডারেশন কাপের ফাইনাল। এ ম্যাচটি হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এখনো ফেডারেশন কাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়নি। গ্রুপ পর্ব শেষে আগামী ৫ ও ১২ মে হবে নকআউট পর্বের খেলা। নকআউট পর্বের ভেন্যু কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম।
ফেডারেশন কাপের ভেন্যু সংবাদ মাধ্যমের সামনে ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হয়েছে। তবে সভায় স্বাধীনতা কাপ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সভাশেষে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেছেন, ‘জাতীয় দলের প্রস্তুতি ও অন্যান্য কারণে লিগ শেষ হতে মে মাসের তৃতীয় সপ্তাহ পেরিয়ে যাচ্ছে। ১ জুন থেকে আগামী মৌসুমের দলবদল। স্বাধীনতা কাপ আয়োজনের জন্য সেই রকম সময় নেই। এরপরও এটি নিয়ে ১৯ এপ্রিল নির্বাহী কমিটির সভায় আলোচনা হবে।’
সভায় ২০২৬-২৭ মৌসুমের খসড়া সূচি তৈরি করা হয়েছে। আগামী ১ জুন শুরু হবে ঘরোয়া ফুটবর লিগের দলবদল। আর শেষ হবে ১৩ আগস্ট। আগামী সেপ্টেম্বরে লিগ শুরু করতে চায় বাফুফে।। লিগ ও ফেডারেশন কাপের পাশাপাশি আগামী মৌসুমের সূচিতে রাখা হয়েছে স্বাধীনতা কাপ ও সুপার কাপ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

