নরওয়ের রাজা হারাল্ড পঞ্চমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার ঢাকায় রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসিতে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এ সময় জামায়াতে ইসলামীর আমির ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের কাছে পাঠানো শোকবার্তা ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেনের হাতে তুলে দেন তিনি।
শোক বইয়ে মিয়া গোলাম পরওয়ার রাজা হারাল্ড পঞ্চমের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে নরওয়ের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো শোকবার্তায় ডা. শফিকুর রহমান বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী, সরকার, জনগণ ও রাজপরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।
বার্তায় রাজা হারাল্ড পঞ্চমের দীর্ঘ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কথা স্মরণ করা হয়। নরওয়ের জনগণের প্রতি তার নিষ্ঠা এবং দেশের বিভিন্ন সংকটের সময়ে জনগণের পাশে থাকার বিষয়টিও উল্লেখ করা হয়।
শোকবার্তায় বলা হয়, নেতৃত্ব, বিনয় ও মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে রাজা হারাল্ড পঞ্চম নরওয়ের জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। ঐক্য, সহনশীলতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
এতে আরো বলা হয়, শোকের এই সময়ে বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নরওয়ের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে শোকসন্তপ্ত রাজপরিবার ও নরওয়ের জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
উল্লেখ্য, রাজা হারাল্ড পঞ্চম গত ২৮ আগস্ট ৮৯ বছর বয়সে মারা যান। তিনি ১৯৯১ সালে নরওয়ের সিংহাসনে আরোহণ করেন। মৃত্যুর আগপর্যন্ত তিন দশকের বেশি সময় তিনি নরওয়ের রাজা হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


