দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব পা রাখছে ৯০ বছরে। প্রতিষ্ঠার প্রায় নয় দশক পূর্তি উপলক্ষে বড় পরিসরে উদযাপনের পরিকল্পনা করেছে ক্লাবটির নতুন পরিচালনা পর্ষদ। আর সেই আয়োজনকে আরও বিশেষ করে তুলতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে যুক্ত করার ইচ্ছার কথাও জানিয়েছে মোহামেডান।
আজ প্রথম বোর্ড সভা শেষে ক্লাব সভাপতি বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, ‘আমাদের ক্লাবের ৯০ বছর পূর্তি অনুষ্ঠান সকলকে নিয়ে বড় করে আয়োজন করব। ক্লাবের সদস্য, সাবেক খেলোয়াড়, শুভানুধ্যায়ী সবাইকে আমন্ত্রণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করতে চাই। তাই কবে কখন অনুষ্ঠান হবে সেটা আমরা পরে জানিয়ে দেবো।’
মোহামেডানের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে অবকাঠামো উন্নয়নও। মতিঝিলের বর্তমান ক্লাব প্রাঙ্গণের পাশাপাশি সাভারের ২৫ একর জায়গা উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কাজে তৎকালীন গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের অবদানের কথা স্মরণ করে তাকে উন্নয়ন কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
ফুটবল, ক্রিকেট ও হকিতে নিয়মিত অংশ নেওয়া মোহামেডানের মূল পরিচয় এখনও ফুটবল ঘিরেই। গত মৌসুমে ২২ বছর পর লিগ শিরোপা জয়ের স্মৃতি টাটকা থাকলেও এবার খুব ভালো করতে পারেনি দলটি। তবে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে তারা। ক্লাব কর্তৃপক্ষ আগামী মৌসুমে শক্তিশালী ফুটবল দল গড়ারও ঘোষণা দিয়েছে।
সভায় কিংস অ্যারেনায় ফেডারেশন কাপ ফাইনাল আয়োজন নিয়েও আলোচনা হয়েছে। বসুন্ধরা কিংসের নিজস্ব মাঠ হওয়ায় নিরপেক্ষ ভেন্যুতে ফাইনাল আয়োজনের দাবি জানিয়েছে মোহামেডান।
এ ছাড়া ইউরোপীয় ক্লাবগুলোর আদলে “মোহামেডান সমর্থক ক্লাব” গঠনের উদ্যোগ এবং দেশের বিভিন্ন জেলায় থাকা মোহামেডান ক্লাবগুলোর কার্যক্রমকে কেন্দ্রীয়ভাবে সমন্বয়ের পরিকল্পনার কথাও জানিয়েছে নতুন পরিচালনা পর্ষদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

