শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। দেশটির পার্লামেন্টের স্পিকার বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জিবরান প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ও পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
জিবরান ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর বড় ছেলে। প্রবোওর আগে তিনিই দেশটির প্রেসিডেন্ট ছিলেন। ৩৯ বছর বয়সি জিবরান পাঁচ বছর মেয়াদের মধ্যে মাত্র দুই বছর দায়িত্ব পালনের পর পদ ছাড়লেন। সাম্প্রতিক আদালতের রায়ে তার শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে প্রশ্ন ওঠার পর তার পদে থাকা নিয়ে বিতর্ক বাড়ছিল।
গত মঙ্গলবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জিবরান পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক বিতর্ক এড়াতে তিনি এ সিদ্ধান্ত নিতে চান বলে জানিয়েছিলেন। তবে ওই সময় প্রবোও তাকে নিজের পক্ষে অবস্থান নেওয়ার পরামর্শ দেন বলে জানিয়েছেন দেশটির এক মন্ত্রিসভার সদস্য। ফলে তখন প্রেসিডেন্ট তার পদত্যাগের প্রস্তাব গ্রহণ করেছিলেন কি না, তা স্পষ্ট ছিল না।
ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের পদ শূন্য হলে নতুন নির্বাচন হয় না। প্রেসিডেন্ট ৬০ দিনের মধ্যে দুজন প্রার্থীর নাম প্রস্তাব করবেন। এরপর পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি তাদের মধ্য থেকে একজনকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করবে। তত দিন পদটি শূন্য থাকবে।
ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা সীমিত। আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন এবং প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তার স্থলাভিষিক্ত হওয়াই মূলত ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব।
জিবরানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের সূত্রপাত হয় বিদেশে তার পড়াশোনার নথি ঘিরে। গত মাসে দেশটির সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্ট রায় দেন, বিদেশে শিক্ষার বিষয়ে জিবরান যে নথিপত্র জমা দিয়েছিলেন, তা নির্বাচনে অংশ নেওয়ার শর্ত পূরণ করে না। তার সমালোচকদের অভিযোগ, তিনি কখনোই উচ্চমাধ্যমিকের সনদ অর্জন করেননি।
এদিকে, জিবরানকে অভিশংসনের প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। বুধবার আটটি রাজনৈতিক দলের ১২০ জন আইনপ্রণেতা পার্লামেন্টের নিম্নকক্ষের নেতাদের কাছে এ-সংক্রান্ত আবেদন জমা দেন। এর মধ্য দিয়ে তাকে অভিশংসনের দিকে নিয়ে যেতে পারে, এমন একটি সংসদীয় প্রক্রিয়া শুরু হয়েছে।
ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্বাচনি যোগ্যতা না থাকা সত্ত্বেও দায়িত্ব পালন করে জিবরান সংবিধান লঙ্ঘন করেছেন কি না, তা খতিয়ে দেখতে নিম্নকক্ষের নেতাদের একটি বিশেষ কমিটি গঠন করতে হবে। আইনপ্রণেতারা অভিযোগের পক্ষে যথেষ্ট ভিত্তি খুঁজে পেলে সাংবিধানিক লঙ্ঘন হয়েছে কি না, সে বিষয়ে রায় দিতে সাংবিধানিক আদালতের কাছে আবেদন করতে হবে।
জিবরানের পদত্যাগের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইন্দোনেশিয়ায় সরকারের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অর্থনৈতিক দুরবস্থা, দুর্নীতি, কর্তৃত্ববাদী মনোভাব এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমেছেন।
এ ছাড়া কয়েক মাস ধরে চলা ভয়াবহ দাবানল নিয়েও সরকারের সমালোচনা হচ্ছে। এসব দাবানল থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় হাজারো মানুষ অসুস্থ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ রয়েছে বিক্ষোভকারীদের।
এর পাশাপাশি প্রেসিডেন্টকে লক্ষ্য করে আড়ি পাতার ঘটনায় পুলিশের শীর্ষ কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ তদন্ত করা হচ্ছে। তবে জিবরানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চলা তদন্তের সঙ্গে আড়ি পাতার ওই ঘটনার কোনো সম্পর্ক আছে বলে মনে করা হচ্ছে না।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

