আই পেপারে জেমস রজার্সের নিবন্ধ

ট্রাম্পের দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বমঞ্চে প্রভাব বাড়াতে চান পুতিন

ট্রাম্পের দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বমঞ্চে প্রভাব বাড়াতে চান পুতিন
সেন্ট পিটার্সবার্গে রুশ শিল্পী আলেক্সি সেরগিয়েঙ্কো তার নতুন পপ আর্ট চিত্রকর্ম ‘শেনজেন ২৬’ উন্মোচন করেছেন। ছবি: এএফপি

চীনের শেনজেনে এ সপ্তাহে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ বৈঠককে বড় সুযোগ হিসেবে দেখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়া এবং ক্ষমতায় তার হাতে থাকা সময় সীমিত—এ দুই বিষয় কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার স্বার্থের অনুকূলে একটি সমঝোতায় পৌঁছাতে চান তিনি। তবে বৈঠক থেকে প্রত্যাশিত ফল পাওয়া সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে বসার সুযোগ পুতিনের জন্য কেবল কূটনৈতিক বৈঠক নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার প্রভাব ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠারও সুযোগ। দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর শীর্ষ সম্মেলনে পুতিনের অংশগ্রহণ সীমিত। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে তৎকালীন জি-৮ থেকে বাদ দেওয়া হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সম্পর্ক আরও অবনতি ঘটে। ফলে শেনজেনের এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের নেতার সঙ্গে পুতিনের উপস্থিতি তার কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।

বিজ্ঞাপন

১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে শেনজেন বৈঠকের তুলনা পুতিনের কাছে আকর্ষণীয় মনে হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ইয়াল্টায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন। পুতিনও এমন একটি বিশ্বব্যবস্থার ধারণায় বিশ্বাসী, যেখানে বড় সামরিক শক্তিধর দেশগুলো ছোট দেশগুলোর ভবিষ্যৎ নির্ধারণে প্রধান ভূমিকা রাখবে।

শেনজেন বৈঠকে ইউরোপের দেশগুলোর অনুপস্থিতি পুতিনের জন্য বাড়তি সুবিধা হতে পারে। কারণ, ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনায় অংশ নেওয়ার দাবি জানিয়ে আসছে। কিন্তু এ বৈঠকে ইউক্রেন কিংবা যুক্তরাজ্যের উপস্থিতি থাকছে না।

গত সপ্তাহে পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছিলেন, ইউক্রেন যুদ্ধের অবসানের পর ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত রাশিয়া। তার দাবি, বর্তমান ইউরোপীয় নিরাপত্তাব্যবস্থা কার্যকর নয়। রাশিয়া ও যুক্তরাষ্ট্র নতুন একটি নিরাপত্তাকাঠামো প্রতিষ্ঠা করতে চায়।

মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা ট্রাম্পের, সুযোগ দেখছেন পুতিন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ট্রাম্পের রাজনৈতিক অবস্থান চাপে পড়েছে। নিজের নেতৃত্ব ও দর-কষাকষির সক্ষমতা প্রমাণ করতে এখন ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোকে অগ্রাধিকার দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময় একাধিকবার বলেছিলেন, ক্ষমতায় ফিরলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। এখন মেয়াদ শেষ হওয়ার আগেই যুদ্ধ বন্ধ করে নিজের রাজনৈতিক উত্তরাধিকার শক্তিশালী করতে চাইতে পারেন তিনি।

এ লক্ষ্য সামনে রেখে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার কাজ করছেন। গত সপ্তাহে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার সম্ভাবনার বিনিময়ে রাশিয়ার দাবি করা, কিন্তু বর্তমানে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড ছেড়ে দেওয়ার একটি প্রস্তাব দেওয়ার খবর প্রকাশিত হয়।

ইউক্রেন এমন প্রস্তাব গ্রহণ করবে—এমন সম্ভাবনা কম। তবে ন্যাটোর সদস্যপদ নিয়ে আলোচনা শুরু হওয়াও পুতিনের জন্য উদ্বেগের কারণ হতে পারে। কারণ, ন্যাটোর সম্প্রসারণকে রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখিয়ে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর অন্যতম যুক্তি দিয়েছিলেন তিনি।

অন্যদিকে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ১০ লাখের বেশি রুশ সেনা নিহত বা আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে ন্যাটো আরো কাছে চলে আসার বিষয়টি রাশিয়ার জনগণের কাছে বিজয় হিসেবে তুলে ধরা পুতিনের জন্য কঠিন হতে পারে।

ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না পুতিন

আগের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তুলনায় ট্রাম্প ও তার দূতেরা ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানের প্রতি বেশি আগ্রহ দেখিয়েছেন। তবে এই মনোভাব কত দিন বজায় থাকবে, তা নিশ্চিত নয়।

পুতিন জানেন, রাশিয়ার স্বার্থের অনুকূলে কোনো সমঝোতা আদায়ের জন্য তার হাতে সময় সীমিত। ট্রাম্পের মেয়াদ শেষ হতে আর দুই বছর বাকি। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবেন, তা এখনো অনিশ্চিত। তাই শেনজেনের বৈঠককে ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন তিনি।

তবে ট্রাম্পের অবস্থানও অনিশ্চিত। একদিকে তিনি নিজেকে শান্তি প্রতিষ্ঠাকারী নেতা হিসেবে তুলে ধরতে চান এবং নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষার কথাও বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন। অন্যদিকে, পুতিনের সব দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রে তাকে রাজনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও এ বৈঠক নিয়ে নিজস্ব হিসাব রয়েছে। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে পশ্চিমা দেশগুলোর মনোযোগ চীনের নিজস্ব প্রভাববলয় বিস্তারের আকাঙ্ক্ষা থেকে দূরে থাকবে—যা বেইজিংয়ের জন্য সুবিধাজনক হতে পারে।

শেনজেন সম্মেলনে পুতিনের উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার মর্যাদা বাড়ানোর সুযোগ তৈরি করলেও ইউক্রেনকে স্থায়ীভাবে ভাগ করে দেওয়ার মতো কোনো সমঝোতায় ট্রাম্পকে রাজি করানো কঠিন হতে পারে। বৈঠকটি বড় কোনো কূটনৈতিক অগ্রগতির সূচনা করবে, নাকি কেবল তিন নেতার একসঙ্গে ছবি তোলার আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে—তা নির্ভর করছে আলোচনার ফলাফলের ওপর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...