পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ৭২ বছরের ফিলিস্তিনি নারী নিহত

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ৭২ বছরের ফিলিস্তিনি নারী নিহত
ফাদ্দা মোহাম্মদ ফেইদাত।

অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সশস্ত্র হামলায় ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। মঙ্গলবার জেরিকো শহরের উপকণ্ঠে দুউক আল-তাহতা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে। নিহত নারীর নাম ফাদ্দা মোহাম্মদ ফেইদাত। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার পরিচয় নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মঙ্গলবার ভোরে একদল ইসরাইলি বসতি স্থাপনকারী ফাদ্দার বাড়ির বাইরে গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষায় ফিলিস্তিনি বাসিন্দারা পাথর ছুড়লে সেখানে আরো বসতি স্থাপনকারী এসে যোগ দেয়। পরে তারা ফাদ্দার বাড়িসহ আশপাশের ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে গুলি চালায়।

নিহত ফাদ্দার ভাশুর ৬২ বছর বয়সী আহমেদ আরেফ জানান, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি গুলি ফাদ্দার মাথায় লাগে।

তিনি বলেন, ‘আমি তাকে মাটিতে পড়ে থাকতে দেখি। তার মাথা থেকে রক্ত ঝরছিল।’

ফাদ্দার মৃত্যুর বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে ইসরাইলি ও ফিলিস্তিনি কয়েকজন আহত হওয়ার ঘটনায় তারা কাজ করছে বলে জানিয়েছে। সেনাবাহিনীর দাবি, একটি গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে।

ফাদ্দার ছেলে আরাফাত মায়ের আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তার স্ত্রী নামা ফেইদাত জানান, মায়ের অবস্থা দেখে আরাফাত মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ সময় বাড়ির প্রবেশপথে রাখা এক বসতি স্থাপনকারীর গাড়িতে দুর্ঘটনাবশত ধাক্কা লাগে তার গাড়ির।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই গাড়িতে তখন কোনো বসতি স্থাপনকারী ছিলেন না। এরপর হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে আরাফাতসহ বেশ কয়েকজন আহত হন। আরাফাতের শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে।

আরাফাত জানান, তাকে রামাল্লার হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স থামিয়ে ইসরাইলি সেনারা তাকে গ্রেপ্তার করে।

তবে ইসরাইলি সেনাবাহিনী রয়টার্সকে বলেছে, একটি গাড়িতে থাকা একদল ফিলিস্তিনি দ্রুতগতিতে ইসরাইলি একটি গাড়ির দিকে এগিয়ে গিয়ে সেটিতে ধাক্কা দেয়। এতে ইসরাইলি ও ফিলিস্তিনি উভয় পক্ষের লোকজন হতাহত হয়েছেন বলে দাবি করেছে তারা।

বসতি দখলের পর নতুন করে হামলা

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, দুউক আল-তাহত এলাকায় এর প্রায় দুই সপ্তাহ আগে আটটি বাড়ি দখল করে নেয় ইসরাইলি বসতি স্থাপনকারীরা।

এলাকার বসতি স্থাপনকারীদের প্রতিনিধিত্বকারী বিনইয়ামিন আঞ্চলিক কাউন্সিল জানিয়েছে, ফিলিস্তিনিদের কাছ থেকে কেনা আটটি বাড়িতে পরিবারগুলোকে বসবাসের ব্যবস্থা করতে তারা সহায়তা করেছে।

তবে জেরিকোর ফিলিস্তিনি গভর্নর হুসেইন হামায়েল বলেছেন, সংশ্লিষ্ট জমি রাষ্ট্রীয় মালিকানাধীন হওয়ায় বসতি স্থাপনকারীদের আইনগতভাবে তা কেনার সুযোগ নেই।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরাইলে হামলা এবং পরবর্তী সময়ে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। জাতিসংঘের ভাষায়, এসব হামলা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে অন্তত ১ হাজার ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ জনই শিশু। নিহতদের মধ্যে অবৈধ ইসরাইলি বসতিতে বসবাসকারী বসতি স্থাপনকারীদের হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনিরাও রয়েছেন।

সশস্ত্র সংঘাতের স্থান ও ঘটনা তথ্য প্রকল্প (এসিএলইডি) জানিয়েছে, ২০২৬ সাল পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার দিক থেকে গত এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বছর হওয়ার পথে রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই ইসরাইলি বাহিনীর সঙ্গে সশস্ত্র বসতি স্থাপনকারীদের সংশ্লিষ্ট চারটি ঘটনায় ১১ জন নিহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...