পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। দ্রুত ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, গার্মেন্টস শিল্পে অস্থিরতা নয়, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
বুধবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দ্বি-মাসিক সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত হয়। ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান বলেন, সেক্রেটারিয়েটের মাধ্যমেই সংগঠনের সাংগঠনিক চালিকাশক্তি তৈরি হয়। সেক্রেটারিয়েটের কার্যক্রম ও সিদ্ধান্তের প্রভাব পুরো সংগঠনের ওপর পড়ে। তাই দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পকে কেন্দ্র করে গত এক মাস ধরে যে অস্থিতিশীল পরিস্থিতি চলছে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ও গভীর ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি। সরকারকে বিভিন্নভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করেও পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি দেখা যায়নি। শিল্পাঞ্চলে উৎপাদন স্বাভাবিক রাখতে এবং ষড়যন্ত্রকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বৈঠকে মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত সম্পন্ন করে শ্রমিকদের জন্য গ্রহণযোগ্য ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানানো হয়। পাশাপাশি গ্রেপ্তার শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি দিয়ে শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।
ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিমের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, গোলাম রব্বানী, কবির আহমদসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের সদস্যরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


