দীর্ঘ সাত মাসের প্রশাসনিক জটিলতা ও বাধা উপেক্ষা করে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য নির্মিত ‘ফিমেল ফিটনেস সেন্টার’ (জিমনেসিয়াম) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের দ্বিতীয় তলায় প্রায় ৬৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই জিমনেসিয়ামটির উদ্বোধন করা হয়। নারী শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও ফিটনেসের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই উদ্যোগ গ্রহণ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে আমান গ্রুপের স্পন্সরে ও তত্ত্বাবধানে এই ফিটনেস সেন্টারের নির্মাণকাজ শুরু হয়েছিল। চলতি বছরের ৩০ এপ্রিল প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপনসহ সেন্টারটির মূল কাজ পুরোপুরি সম্পন্ন হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু জটিলতা ও বাধার কারণে প্রায় সাত মাস ধরে এর আনুষ্ঠানিক উদ্বোধন আটকে ছিল। অবশেষে সকল প্রতিবন্ধকতা পেরিয়ে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ, ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।
এছাড়াও অনুষ্ঠানে জিমনেসিয়াম কমিটির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জিমনেসিয়ামটি বাস্তবায়নে সহযোগিতা ও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




