সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করার লক্ষ্যে আইন করতে জাতীয় সংসদে বিল পাস করা হয়েছে। বিলে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রক্রিউরমেন্ট (ই-জিপি) ব্যবহার আবশ্যক হবে না।
বুধবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল’ পাসের জন্য সংসদে উত্থাপন করেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। এই অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশটি সংসদে তোলা হয়েছিল। ওই অধ্যাদেশটি রহিত করে আইন করতে আজ এ-সংক্রান্ত বিল সংসদে পাস করা হলো।
বিলে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে (অপারেশনার এক্সপেন্ডিসার মডেল) উপযুক্ত স্থানে স্থাপন করা যাবে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় আছে, তারা ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনায় ক্যাপেক্স মডেলে (ক্যাপিটাল এক্সপেন্ডিসার মডেল) সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে।
বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার উদ্দেশে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হবে।
বিলে ক্রয়সংক্রান্ত বিশেষ বিধান রাখা হয়েছে। তাতে বলা হয়েছে, ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত হবে। বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রক্রিউরমেন্ট (ই-জিপি) ব্যবহার আবশ্যক হবে না।
বিলে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে নীতিগত দিকনির্দেশনা প্রদানের জন্য একটি জাতীয় পলিসি কাউন্সিল গঠন করা হবে। জেলা পর্যায়ে থাকবে ‘জেলা কারিগরি ও সমন্বয় কমিটি’।
বিলে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা তার কোনো যন্ত্রাংশ চুরি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

