আ.লীগের নৈরাজ্য রাজপথে প্রতিহত করার ঘোষণা ছাত্রদলের

আ.লীগের নৈরাজ্য রাজপথে প্রতিহত করার ঘোষণা ছাত্রদলের

গোপালগঞ্জসহ সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদী বাইক মিছিল করেছে ছাত্রদল। যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান।

বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় এ প্রতিবাদী বাইক মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে মিছিলটি রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়। পরে টিএসসি, ভিসি চত্বর, মধুর ক্যান্টিন, হলপাড়া, পলাশী, নীলক্ষেত, কাটাবন ও এলিফ্যান্ট রোড প্রদক্ষিণ করে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সালেহ মো. আদনান বলেন, গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, বোমাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে প্রতিহত করা হবে। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় ফরিদপুরে রাজু মোল্লা হত্যাকাণ্ডসহ জুলাই অভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিম ছাত্রদলসহ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন