গৌরনদীতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, মহাসড়কে গাছের গুঁড়িতে আগুন

গৌরনদীতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, মহাসড়কে গাছের গুঁড়িতে আগুন

বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলায় বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যায় মহাসড়কের আরেকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বুধবার রাত ৭টার দিকে উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় মহাসড়কের পাশে থামিয়ে রাখা বাঁশের চেরা বোঝাই একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং হতাহতের ঘটনাও ঘটেনি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পেট্রোল বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।

অপরদিকে, একই দিন সন্ধ্যার পরপরই একই মহাসড়কের উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ফকিরবাড়ি এলাকায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে তাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনার পরপরই গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

১৯ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এদিকে, গৌরনদী মডেল থানা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন