সাত মাসের ব্যবধানে পুরোনো কর্মস্থলে পেশকার আইয়ুব, উঠছে সিন্ডিকেটের অভিযোগ

সাত মাসের ব্যবধানে পুরোনো কর্মস্থলে পেশকার আইয়ুব, উঠছে সিন্ডিকেটের অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সাবেক সার্টিফিকেট সহকারী কাম অফিস সহকারী (পেশকার) আইয়ুব আলী একই উপজেলায় টানা ১৭ বছর চাকরি করার পর বদলি হয়েছিলেন। তবে মাত্র সাত মাসের ব্যবধানে আবারও একই কার্যালয়ে বদলি হয়ে যোগদান করায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পুরোনো কর্মস্থলে ফিরে এসে তিনি আবারও আগের সিন্ডিকেট সক্রিয় করে ডিও ও ঠিকাদারি বাণিজ্য শুরু করেছেন।

বিজ্ঞাপন

সরকারি চাকরিবিধি অনুযায়ী, সার্টিফিকেট সহকারীর দায়িত্ব হলো সরকারি পাওনা আদায়সংক্রান্ত মামলা পরিচালনায় ইউএনওকে সহযোগিতা করা। তবে আইয়ুব আলী দায়িত্বের বাইরে গিয়ে বিগত সময়ে ডিও ও ঠিকাদারি বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন বলে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য রয়েছে।

কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের নথিপত্র ও গোয়েন্দা তথ্যানুযায়ী, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর ফরুয়াপাড়া গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে আইয়ুব আলী ২০০৯ সালে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সার্টিফিকেট সহকারী কাম অফিস সহকারী (পেশকার) পদে যোগদান করেন। এরপর একই কর্মস্থলে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন তিনি।

অভিযোগ রয়েছে, বিগত সরকারের ১৭ বছরে স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগসাজশে ডিও ও ঠিকাদারি বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তোলেন আইয়ুব আলী। এর মাধ্যমে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও খোলস বদলে ম্যানেজ মিশনের মাধ্যমে তার তৎপরতা অব্যাহত রাখেন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আইয়ুব আলীর সিন্ডিকেট পরিচালনার বিষয়গুলো গোয়েন্দা সংস্থার নজরে আসে। এসব তথ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়। সরকার গঠনের কয়েক দিনের মাথায় গত ৯ মার্চ ২০২৬ তারিখে তাকে নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়। এ-সংক্রান্ত স্মারক নম্বর ০৫.৪৭.৭৩০০.০০০.০১২.১৯.০০০৩.১৬.১২৫।

তবে মাত্র সাত মাসের মাথায় আবারও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি হয়ে গত ৩০ সেপ্টেম্বর যোগদান করেন তিনি। এ-সংক্রান্ত স্মারক নম্বর ০৫.৪৭.৭৩০০.০০০.০১২.১৯.০০০৩.১৬.৪৫৪। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি পুনরায় পুরোনো কর্মস্থলে বদলি হয়েছেন। সেখানে ফিরে আবারও আগের সিন্ডিকেট সক্রিয় করে পুরোনো ব্যবসা শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন একই পদে দায়িত্ব পালন এবং বদলির মাত্র সাত মাসের মাথায় পুরোনো কর্মস্থলে ফিরে আসার ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী পদের মূল দায়িত্ব হলো সরকারি পাওনা দাবি আদায় আইন, ১৯১৩ অনুযায়ী সরকারি পাওনা আদায়সংক্রান্ত মামলাগুলো পরিচালনায় ইউএনওকে সহযোগিতা করা। কিন্তু অভিযোগ রয়েছে, সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে আইয়ুব আলী প্রায় দুই দশক একই পদে বহাল ছিলেন। স্থানীয় হওয়ার সুবাদে নির্ধারিত দায়িত্বের বাইরে গিয়ে তিনি ডিও বাণিজ্য ও ঠিকাদারি সিন্ডিকেট গড়ে তোলেন।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দ ডিও লেটারের মাধ্যমে কিশোরগঞ্জে নিয়ে আসত এই সিন্ডিকেট। তবে অধিকাংশ ক্ষেত্রেই কাজ না করে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং একটি চিহ্নিত পেশাজীবী সিন্ডিকেটের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হতো। নিম্নমানের কাজ করে ঠিকাদারদের কাছ থেকে লাখ লাখ টাকা ভাগ-বাটোয়ারা এবং বিল উত্তোলনে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম ছিলেন এই সিন্ডিকেটের প্রধান সমন্বয়ক। অন্যদিকে প্রধান দুই সহযোগী ছিলেন জাতীয় পার্টির উপজেলা নেতা ও দলটির সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরীর প্রতিনিধি রেজাউল ইসলাম ফিলিপস এবং ‘ডিও লিতু’ নামে পরিচিত লুৎফর রহমান লুতু। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে থাকা তথ্য অনুযায়ী, লুতু শুধু কিশোরগঞ্জেই নয়, আইয়ুব আলীকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের কাছ থেকে ডিওর মাধ্যমে টিআর ও কাবিখা প্রকল্পের কাজ বাগিয়ে আনতেন।

একই পদে একই কর্মস্থলে প্রায় দুই দশক চাকরি করা এবং বদলির মাত্র সাত মাসের মাথায় আবারও সেখানে ফিরে আসার বিষয়ে জানতে চাইলে পেশকার আইয়ুব আলী বলেন, ‘আমাকে কেন এতদিন একই উপজেলায় প্রশাসন রেখেছিলেন, সেটা সেই সময়কার ডিসি সাহেবরাই জানেন। আমাকে সাত মাস আগে বদলি করা হয়েছিল সৈয়দপুর উপজেলায়। আবার আমাকে কিশোরগঞ্জ উপজেলায় প্রশাসনই দিয়েছে। সেটা প্রশাসনই জানে।’

তার বিরুদ্ধে সরকারি দায়িত্বের বাইরে ডিও ও ঠিকাদারি বাণিজ্যের অভিযোগও অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘সরকারি কর্মচারীদের বদলির বিষয়টি একটি স্বাভাবিক প্রক্রিয়া।’

নীলফামারীর জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, ‘সরকারি চাকরিবিধি অনুযায়ী কোনো সরকারি কর্মচারীর একই পদে একই স্থানে তিন বছরের বেশি সাধারণ নিয়মে থাকার সুযোগ নেই। আগের প্রশাসন কীভাবে তাকে অনেক বছর রেখেছিলেন, সেটা আমি জানি না। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আসলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, সরকারি চাকরিবিধি অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ অধিশাখার ২০১৫ সালের ৮ জুলাইয়ের ১৯১ নম্বর পরিপত্রে বলা হয়েছে, ‘একই পদে তিন বছরের অধিককাল যাবত নিয়োজিত কর্মচারীকে বাস্তব অবস্থাভেদে অন্যত্র বদলি করতে হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...