যেভাবে গ্রেপ্তার হলেন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

যেভাবে গ্রেপ্তার হলেন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে ভাটারা থানা পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে জুলাই বিপ্লব-পরবর্তী একাধিক মামলা রয়েছে রাজধানীর বিভিন্ন থানায়।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে মুফতি রুহুল আমিনও পালিয়ে যান। সে সময় এ ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। শেখ হাসিনাকে ‘কওমি জননী’ হিসেবে উপাধি দিয়ে ব্যাপকভাবে বিতর্কিত ও সমালোচিত হয়েছিলেন এই রুহুল আমিন।

বিজ্ঞাপন

ফ্যাসিস্ট শেখ হাসিনা গুম, খুন ও গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে পালিয়ে গেলেও বায়তুল মোকাররমের খতিব কেন পালিয়ে গেলেন—তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে আত্মগোপনে ছিলেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে সন্ধ্যা ছয়টার দিকে আটক করা হয়। বর্তমানে তিনি ভাটারা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে রাজধানীর পল্টন, মতিঝিলসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

মাওলানা মুফতি রুহুল আমিনের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এ ছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশনেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গেলে জুমার নামাজের আগে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় মসজিদের তৎকালীন খতিবের বয়ান চলছিল। রুহুল আমিনের পক্ষের লোকজন মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালার ক্ষতি হয়।

ওই ঘটনার দুই দিন পর ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন