ইয়েমেনে সংঘাতে নিহত ৩০০ ছাড়াল

ইয়েমেনে সংঘাতে নিহত ৩০০ ছাড়াল
ছবি: সংগৃহীত

ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাতে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসব লড়াইয়ে দুই পক্ষের যোদ্ধাদের পাশাপাশি বহু বেসামরিক মানুষও নিহত হয়েছে।

সামরিক ও চিকিৎসা সূত্রের তথ্যের ভিত্তিতে এ হিসাব করেছে বার্তা সংস্থা এএফপি।

পশ্চিমাঞ্চলীয় তাইজ ও দক্ষিণাঞ্চলীয় হোদেইদা এলাকায় মূলত লড়াই চলছে। হুথি বাহিনী বৃহস্পতিবার সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকার দিকে বড় ধরনের অভিযান শুরু করে। এসব এলাকা লোহিত সাগরের উপকূলের কাছে। কৌশলগত বাব আল-মান্দাব প্রণালিও এর কাছেই।

সরকারি কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত তাদের ৮৪ জন সেনা সদস্য নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন।

একই সময়ে ৫৭ জন হুথি যোদ্ধা নিহত হওয়ার কথা জানিয়েছে হুথির সামরিক সূত্র।

সংঘাতের কারণে বেসামরিক লোকজনও ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, তাইজের মাকবানাহ ও জাবাল হাবাশি জেলায় তীব্র গোলাবর্ষণ ও সংঘর্ষের কারণে আনুমানিক ১ হাজার ৭৯০টি পরিবার ঘর ছেড়েছে।

নতুন করে শুরু হওয়া এই লড়াইয়ে ইয়েমেনের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বিশেষ করে লোহিত সাগরের উপকূল ও বাব আল-মান্দাব প্রণালির কাছে সংঘাত বাড়ায় বেসামরিক মানুষের দুর্ভোগও বাড়ছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন