ব্রাজিলের আমাজন রেইনফরেস্টে বন উজাড় এক বছরে ৪২ শতাংশ কমেছে। ১৯৮৮ সালে হিসাব রাখা শুরুর পর বন উজাড়ের হার এবার সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইনপের প্রকাশিত এ তথ্য প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। আগামী ২৫ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে তার প্রতিদ্বন্দ্বী জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো।
শুক্রবার প্রকাশিত ইনপের তথ্যে বলা হয়েছে, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১২ মাসে আমাজনের ৩ হাজার ৩৩৫ বর্গকিলোমিটার বনভূমি উজাড় হয়েছে। আয়তনের হিসাবে এটি ১ হাজার ২৮৮ বর্গমাইল। আগের বছরের তুলনায় বন উজাড় কমেছে ৪২ শতাংশ।
এর আগে সবচেয়ে কম বন উজাড়ের রেকর্ড ছিল ২০১১-১২ সালে। সে সময় ৪ হাজার ৫৭১ বর্গকিলোমিটার বনভূমি উজাড় হয়েছিল। আর ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে বছরে প্রায় ৩০ হাজার বর্গকিলোমিটার বনভূমি উজাড় হয়। ইনপের স্যাটেলাইটভিত্তিক প্রকল্প প্রোদেস প্রতিবছর আগস্ট থেকে জুলাই পর্যন্ত বন উজাড়ের হিসাব করে। বছরের মাঝামাঝি সময়ে মেঘের আচ্ছাদন কম থাকায় এ সময়সীমা বেছে নেওয়া হয়েছে।
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় এক সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী জোয়াও পাওলো কাপোবিয়াঙ্কো বলেন, বন উজাড়ের এ পতন অবিশ্বাস্য রকমের বড়। এটি যেন স্বপ্নের মতো।
জলবায়ুবিষয়ক প্রচারক গোষ্ঠী অবজারভাতোরিও দো ক্লিমার মার্সিও আস্ত্রিনি এ ফলকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে অভিহিত করেছেন। তার মতে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে বন উজাড় ও গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো সম্ভব।
প্রেসিডেন্ট লুলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ২০৩০ সালের মধ্যে অবৈধ বন উজাড় পুরোপুরি বন্ধ করাই তাদের লক্ষ্য।
লুলার আমলে কমেছে বন উজাড়
২০২৩ সালে ক্ষমতায় এসে ২০৩০ সালের মধ্যে অবৈধ বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দেন লুলা। তার পূর্বসূরি কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারোর শাসনামলে আমাজনে বন উজাড় বেড়ে ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বলসোনারোর চার বছরের শাসনামলে আমাজনে বছরে গড়ে প্রায় ১১ হাজার ৬০০ বর্গকিলোমিটার বনভূমি উজাড় হয়। আগের চার বছরের তুলনায় এ পরিমাণ প্রায় ৬০ শতাংশ বেশি।
২০২২ সালের পর থেকে প্রতিবছর বন উজাড় কমেছে। গত চার বছরে এ হার কমেছে ৭১ দশমিক ২ শতাংশ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নজরদারি জোরদার ও অবৈধভাবে গাছ কাটার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ায় এ অগ্রগতি হয়েছে।
নির্বাচনে মুখোমুখি লুলা ও বলসোনারোর ছেলে
আগামী ২৫ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট হবে। এতে লুলার প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারো। জনমত জরিপে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
ফ্লাভিও তার নির্বাচনী ইশতেহারে আমাজনে পরিবেশগত নজরদারি জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সংগঠিত অপরাধচক্রের বিরুদ্ধে আইন প্রয়োগে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি। বনজ সম্পদ আহরণে যুক্ত শ্রমিক ও ক্ষুদ্র কৃষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে অপরাধচক্রকে লক্ষ্যবস্তু করার কথা তার ইশতেহারে উল্লেখ রয়েছে। ২০২৯ সালের মধ্যে ‘অবৈধ বন উজাড়’ বন্ধ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের কারাদণ্ড পাওয়া ফ্লাভিওর বাবা জইর বলসোনারো বর্তমানে গৃহবন্দী। ফ্লাভিও তার বাবার প্রশংসা করেছেন। জইর বলসোনারো যে ‘উগ্র পরিবেশবাদী কর্মসূচির’ বিরোধিতা করেছেন, সেটিকেও সমর্থন করেছেন তিনি।
আমাজনের পাশাপাশি ব্রাজিলের দক্ষিণে অবস্থিত সেরাদো তৃণভূমি অঞ্চলেও বন উজাড় কমেছে। সেখানে বন উজাড়ের পরিমাণ প্রায় ২৪ শতাংশ কমে ৫ হাজার ৫১৭ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। আয়তনের হিসাবে এটি ২ হাজার ১৩০ বর্গমাইল। ২০০১ সালে হিসাব রাখা শুরু হওয়ার পর সেরাদো অঞ্চলেও বন উজাড়ের হার এবার সর্বনিম্ন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

