মিসরের রাজধানী কায়রোর বৃহত্তর এলাকায় জ্বালানিজাত পণ্যবাহী একটি গাড়ি উল্টে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন।
বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কায়রোর বৃহত্তর এলাকার একটি গুরুত্বপূর্ণ রিং রোডে জ্বালানিজাত পণ্যবাহী গাড়িটি উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়। গিজা প্রদেশের ইমবাবা এলাকার ওয়াররাক জেলায় একটি টানেলের ওপর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রিং রোডটি কায়রো, গিজা ও কালিউবিয়া প্রদেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে সংযোগ স্থাপন করেছে। ফলে সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থলে কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়।
এদিকে মিসরের মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দিয়েছেন তিনি।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


