সিলেট-তামাবিল মহাসড়কে বাসচাপায় কিশোরী পর্যটক নিহত

সিলেট-তামাবিল মহাসড়কে বাসচাপায় কিশোরী পর্যটক নিহত
ছবি: আমার দেশ

সিলেট-তামাবিল সড়কে গেইটলক বাসের চাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক পর্যটক নিহত হয়েছেন। তিনি ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। এ ঘটনায় একই অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত তাসনিম তার মামা ও খালার সঙ্গে সিলেটের জাফলংয়ে বেড়াতে এসেছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন—মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। তারা সবাই ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের নিয়ে যাত্রাবাড়ী থেকে সিলেটে বেড়াতে এসেছিলেন মোহাম্মদ আলী। সোমবার সকালে তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় জাফলংয়ের উদ্দেশে রওনা দেন। পথে চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেট এলাকায় পৌঁছালে সিলেটগামী সিলেট মেট্রো-ব-১১-০০১৪ গেইটলক বাস সিএনজিচালিত অটোরিকশাকে সিলেট-খ-১২-৫৯৭৮ চাপা দেয়।

এ সময় অটোরিকশায় থাকা যাত্রীরা ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই নুসরাত তাসনিমের মৃত্যু হয়। গুরুতর আহত হন মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করেন। পুলিশ নুসরাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছে।

তামাবিল হাইওয়ে থানার ওসি সঞ্জয় চক্রবর্তী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন