বাবার লাশ দেখতে বাড়ি ফেরা হলো না, পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু

বাবার লাশ দেখতে বাড়ি ফেরা হলো না, পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু

কুষ্টিয়ায় বাবার মৃত্যুর খবর পেয়ে মাগুরা থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নূরে আলম জিকু (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আকিদুল ইসলাম নামে আরো একজন আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত নূরে আলম জিকু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি মাগুরায় বিয়ে করে সেখানেই বসবাস করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জিকু তার ভায়রা ভাই আকিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মাগুরা থেকে দৌলতপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। স্বস্তিপুর এলাকায় পৌঁছালে তারা একটি বালিবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।

মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে জিকুর ওপর দিয়ে আরেকটি ট্রাকের চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত আকিদুলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পরে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিকুর লাশ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

দৌলতপুরের আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, বুধবার বিকেলে লালনগর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন (৮৫) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। বাবার মৃত্যুর খবর পেয়ে জিকু মাগুরা থেকে তার ভায়রা ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে স্বস্তিপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন