ঝিনাইদহে সন্ত্রাসীদের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

ঝিনাইদহে সন্ত্রাসীদের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সন্ত্রাসীদের হামলায় মোলায়েম হোসেন (৫৫) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার ভায়না বাজার এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত মোলায়েম হোসেন ভায়না ইউনিয়নের কালিশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে ভায়না বাজারে স্কুলের পাশের এক‌টি মা‌ঠে দা‌ঁড়ি‌য়ে মোলায়েম হোসেন মোবাইল ফো‌নে কথা বলছিলেন। এসময় অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জা‌নি‌য়ে‌ছেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত মোলায়েম হোসেন ইতঃপূর্বে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নিষিদ্ধ বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলের জের ধ‌রেই এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও প্রকৃত ঘটনা কি তা তদন্ত করে দেখা হচ্ছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন