ইনানী সৈকতে নিখোঁজ মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

ইনানী সৈকতে নিখোঁজ মাদরাসাছাত্রের লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর শান্ত (১২) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্রোতে ভেসে যাওয়া আরও ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীদের যৌথ প্রচেষ্টায় সৈকতের উত্তর পয়েন্ট থেকে শান্তকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শান্ত ঢাকার খিলগাঁওয়ের ৯ নম্বর গোরান এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার দারুল আরকাম মাদরাসা এবং ধানমন্ডির ফয়েজুল উলুম মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল ইনানী সমুদ্রসৈকতে বেড়াতে আসে। সেখানে ফুটবল খেলা শেষে ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী সমুদ্রে গোসলে নামেন। এ সময় সাগরের প্রবল স্রোতে তাঁরা ভেসে যান।

খবর পেয়ে স্থানীয় লোকজন, বিচকর্মী, পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। অভিযান চালিয়ে ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও শান্ত নিখোঁজ থাকে। পরে প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর সৈকতের উত্তর পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইনানী বিচকর্মী বেলাল উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা উদ্ধারকাজ শুরু করি। কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও শান্তকে খুঁজে পেতে দীর্ঘ সময় তল্লাশি চালাতে হয়। পরে সৈকতের উত্তর পয়েন্ট থেকে তাকে উদ্ধার করা হয়।’

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, নিহত মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

— এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন