এলপিজি ব্যবসায়ীদের মাফিয়া বলায় শুনানিতে হট্টগোল

এলপিজি ব্যবসায়ীদের মাফিয়া বলায় শুনানিতে হট্টগোল
ফাইল ছবি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের ‘মাফিয়া’ অভিহিত করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে হট্টগোলের সৃষ্টি হয়েছে। রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী গণশুনানির শেষ পর্যায়ে এ উত্তেজনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

শুনানিতে অংশ নিয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সদস্য শাহ আলম সরকার বলেন, ‘বিইআরসি একটা দাম নির্ধারণ করেই দায়িত্ব শেষ করে দেন। এলপিজি ব্যবসায়ীরা গ্রাহকের কাছ থেকে তাদের ইচ্ছামতো দাম আদায় করেন। এসব মাফিয়া ডনদের নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই।’

এ সময় ‘মাফিয়া’ শব্দের ব্যাপারে আপত্তি তোলেন গণশুনানি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। শাহ আলম সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি তাদের মাফিয়া বলতে পারেন না।’ তার এ আপত্তির প্রতিবাদ জানিয়ে শাহ আলম সরকার বলেন, ‘পত্রিকাগুলো তাদের অহরহ মাফিয়া বলছে। মানুষের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলছেন। ১ হাজার ৮৩৭ টাকার সিলিন্ডার আড়াই হাজার টাকায় কিনতে হচ্ছে। আপনারা কেবল দাম ঘোষণা করেই বসে আছেন। তাদের মাফিয়া বলব না, তো কী বলব?’

এ সময় জালাল আহমেদ আবারও জোর দিয়ে বলেন, ‘পত্রিকাগুলো তাদের মাফিয়া বললেও আপনি বলতে পারেন না, অন্তত এখানে বলবেন না।’ এ সময় বিইআরসি চেয়ারম্যানের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত সাধারণ শ্রোতারা। বিইআরসি চেয়ারম্যানকে উদ্দেশ করে কেউ কেউ এমনও বলেন, ‘আপনি এখন বিচারকের আসনে আছেন। কেন ব্যবসায়ীদের পক্ষে ওকালতি করছেন?’

এতে কিছু সময়ের জন্য পুরো হলরুমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলপিজি ব্যবসায়ীদের একাংশ শাহ আলম সরকারকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। আবার তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ক্যাবসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা। অবশ্য স্বল্প সময়ের ব্যবধানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কমিশন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন