মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর শাবানা বেগম হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মামলায় অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নিহত শাবানা বেগমের সৎ ভাই দুলাল মিয়া ও বিল্লাল মিয়া এবং চাচাতো ভাই গিয়াস মিয়া ও নাসির মিয়া।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের পূর্ব লইয়ারকুল (স্কুলঘর) গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে শাবানা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৩ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা করেন।
দীর্ঘ বিচারিকপ্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত চার আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।
এ ছাড়া মামলার অপর আসামি মহিবুর রহমান অমৃতকরকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং জয়নাল মিয়াকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, বিচারকার্য চলাকালে বিভিন্ন সময়ে মামলার তিন আসামি মারা যাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন ভুনবীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, আলী ইসলাম, হাসি বেগম ও নাজমুল ইসলাম।
দীর্ঘ এক দশক পর আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করা হলো।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

