চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী আইনজীবী মো. শরীফের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। তবে মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে সাক্ষীকে জেরা করার জন্য আদালতের কাছে সময় চেয়েছেন তার আইনজীবীরা। আদালত আগামী ৩০ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজিরের আদালতে এই মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী মো. শরীফ রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেওয়ার পর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।
নিরাপত্তার কথা বিবেচনা করে এ দিন মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে অনলাইনে আদালতের কার্যক্রমে যুক্ত করা হয়। এ ছাড়া অন্য ২৬ আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি রিদুয়ান রায়হান ওয়াজেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে হাজির করা ২৬ আসামির মধ্যে সাতজনের হাতকড়া ও ডান্ডাবেড়ি খোলার দাবিতে এ সময় আদালতে কিছুটা হট্টগোল সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন থেকে বহিষ্কৃত এবং সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় আদালত ভবনের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুন তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত ২৫ আগস্ট চিন্ময় দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। বর্তমানে মামলাটিতে সাক্ষ্যগ্রহণ ও জেরা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

