প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, বিলম্বিত হতে পারে দেশে ফেরা

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, বিলম্বিত হতে পারে দেশে ফেরা

জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। ত্রুটি শনাক্ত হওয়ার পর বিমানটিকে টারমাকে ফিরিয়ে নেওয়া হয়। এতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার প্রায় ৪০ মিনিট পরও বিমানটি উড্ডয়ন করতে পারেনি। এ সময় ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হওয়ার কথা জানান এবং এ জন্য দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ত্রুটি মেরামতের পর ফ্লাইটটি জাপান সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) উড্ডয়ন হতে পারে। বিমানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীসহ সাধারণ যাত্রীরা রয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) ঢাকার উদ্দেশে ফ্লাইটটির যাত্রা করার কথা ছিল। তবে নির্ধারিত সময়েও সেটি নারিতা বিমানবন্দরেই অবস্থান করছিল বলে জানিয়েছেন ফ্লাইটের এক যাত্রী।

ওই যাত্রী জানান, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে বিমানটি চলতে শুরু করে। এর পাঁচ মিনিট পর ক্যাপ্টেন ইমামুল ঘোষণা দেন, ‘বিমানে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। প্রকৌশলীরা কাজ করছেন। আপনারা ধৈর্য ধরুন।’

এর প্রায় ৪০ মিনিট পর আবারও ঘোষণা দিয়ে ক্যাপ্টেন ইমামুল বলেন, ‘আমরা আগের অবস্থানে ফিরে যাচ্ছি। প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন।’

পরে রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৫টা) ক্যাপ্টেন ইমামুল যাত্রীদের জানান, ত্রুটি সারানোর কাজ চলছে, আরো সময় লাগবে। এ সময় যাত্রীদের লবিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের একজন জানান, কারিগরি ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের লবিতে নিয়ে যাওয়া হয়। পরে অন্য যাত্রীদেরও লবিতে স্থানান্তর করা হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন। পাশাপাশি দেশটির বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। সফরকালে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

রাষ্ট্রীয় সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা থাকলেও ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে সেই যাত্রায় সাময়িক বিলম্ব দেখা দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন