যুক্তরাজ্যে আশঙ্কাজনক পর্যায়ে মুসলিমবিদ্বেষী সহিংসতা, জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান

যুক্তরাজ্যে আশঙ্কাজনক পর্যায়ে মুসলিমবিদ্বেষী সহিংসতা, জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা এতটাই ব্যাপক আকার ধারণ করেছে যে পরিস্থিতি এখন ‘জরুরি অবস্থার’ পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। শুধু জুন মাসেই যুক্তরাজ্যজুড়ে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সহিংসতার ১৮টি ঘটনা নথিভুক্ত করেছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন।

গত এক বছরে উগ্রপন্থিরা মুসলিমদের ওপর ছুরিকাঘাত, মসজিদে অগ্নিসংযোগ, গাড়িতে আগুন দেওয়া, ঘৃণামূলক দেয়াললিখন এবং নামাজরত মুসল্লিদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের মতো একের পর এক হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

মুসলিম কাউন্সিল অব ব্রিটেন শুধু জুন মাসেই দেশজুড়ে এ ধরনের ১৮টি ঘটনা নথিভুক্ত করেছে। অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে বিদ্বেষমূলক অপরাধের এই ক্রমবর্ধমান ধারা ‘জরুরি পর্যায়ে পৌঁছেছে’।

গত বছর, ব্রিটিশ মুসলিম ট্রাস্ট (বিএমটি) মুসলিমবিরোধী সহিংসতার ‘উদ্বেগজনক বৃদ্ধি’ সম্পর্কে সতর্ক করে দিয়েছিল, যার মধ্যে জুলাই থেকে অক্টোবরের মধ্যে মসজিদের ওপর ২৭টি হামলা অন্তর্ভুক্ত ছিল।

তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ যথেষ্ট নয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, মুসলিমবিদ্বেষ বাড়তে থাকায় এর বিরুদ্ধে একটি সমন্বিত জাতীয় কৌশল দ্রুত প্রকাশ করতে হবে। পাশাপাশি অনলাইন ও অফলাইনে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়া উগ্র ডানপন্থি নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে সংস্থাটি।

সমালোচকদের প্রশ্ন, হামলাগুলোর কয়েকটিকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করা হলেও পরিস্থিতি মোকাবিলায় সরকার এখন পর্যন্ত কেন কোনো জরুরি ‘কোবরা’ বৈঠক আহ্বান করেনি?

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন