অধিকৃত পশ্চিমতীরে অবৈধ বসতি স্থাপনে ইসরাইলের পরিকল্পনার নিন্দা জানিয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে ইসরাইলের অপচেষ্টার নিন্দা জানায় । খবর আরব নিউজের।
বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করতে ইসরাইলের পদক্ষেপ ‘আন্তর্জাতিক আইন, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার এবং তাদের সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের লঙ্ঘন।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘অবৈধ বসতি স্থাপনের এই সিদ্ধান্ত ইসরাইলি সরকারের সম্প্রসারণবাদী নীতির ধারাবাহিকতার অংশ। এই সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনার প্রতি গুরুতর হুমকি।’
বৃহস্পতিবার ইসরাইলের কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেছেন, দখলকৃত পশ্চিম তীরে বিতর্কিত একটি বসতি স্থাপন প্রকল্পের মাধ্যমে তিন হাজারের বেশি বাড়ি নির্মাণের পরিকল্পনা আছে। এটি বাস্তবায়ন হলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার কবর হবে।
ইসরাইলি মানবাধিকার সংগঠন ‘পিস নাউ’-এর তথ্যমতে, বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৬০টি বসতিতে প্রায় সাত লাখ ইহুদি বসবাস করেন। এই পরিকল্পনা পশ্চিম তীরকে বিভক্ত করবে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন করবে।
সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথা জানায়। তবে ইসরাইল এ ধরনের উদ্যোগের নিন্দা জানিয়েছে।
বৃহস্পতিবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’র জোর দিয়ে বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
ইসরাইলি কর্মকর্তাদের সাম্প্রতিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে, আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালন এবং ফিলিস্তিনি জনগণকে রক্ষা এবং ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিসহ তাদের বৈধ অধিকার পূরণের আহ্বান জানিয়েছে সৌদি আরব।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



